তিন বছরে ২৯০ তরুণীর চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে তিন বছর মেয়াদি ‘শিস্টেম’ (SheSTEM) প্রকল্পের মাধ্যমে ২৯০ তরুণীর চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত প্রকল্পটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প খাতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা প্রকল্পের অর্জন পর্যালোচনার পাশাপাশি এতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানান।

প্রকল্পের তথ্য অনুযায়ী, বাংলাদেশে স্টেম খাতে কর্মরতদের মধ্যে নারী মাত্র ১৪ শতাংশ। ২০২৩ সালের নভেম্বর থেকে শুরু হওয়া শিস্টেম প্রকল্পটি ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে। তাঁদের মধ্যে ৬০ শতাংশ নারী। লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করে। এর অন্য সদস্যরা হলো টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।

তিন বছরে প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন কোর্স, বিজনেস-টেক চ্যালেঞ্জ, রোল মডেল টক, মেন্টরশিপ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ও চাকরি মেলার আয়োজন করা হয়। পাশাপাশি জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক নিয়োগ নিয়ে গবেষণা ও নীতি-অ্যাডভোকেসিও পরিচালিত হয়।

প্রকল্পের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীর ওপর জরিপের ভিত্তিতে তৈরি ‘শিস্টেম বিজনেস কেস রিপোর্ট’। এ ছাড়া ২০২৫ সালে ২৭ জন শিল্পনেতাকে নিয়ে মেন্টরশিপ কর্মসূচি চালু করা হয়। চুয়েটের ১৮ জন ছাত্রী বিএসআরএমের কারখানায় ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করেন। কুয়েটে আয়োজিত ‘কেস ক্র্যাক ২.০’ প্রতিযোগিতায় অংশ নেন ৩০০ জনের বেশি শিক্ষার্থী।

অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিজন ইসলাম বলেন, তিন বছর আগে তাঁরা প্রমাণ করতে চেয়েছিলেন, মেধার কোনো জেন্ডার নেই। প্রকল্পের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে নারীদের পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবদানও উদ্‌যাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল। প্রকল্প শেষ হলেও এর মাধ্যমে গড়ে ওঠা অংশীদারত্ব, মেন্টর নেটওয়ার্ক ও কর্মসংস্থানের সুযোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত