দুর্নীতির মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ নূরে আলম ভুঁইয়া এ দণ্ড দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাত বছরের এবং সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫৯ লাখ ৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড করেছে আদালত। অর্থদণ্ড রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে। দুদকের নতুন আইন অনুযায়ী একটির পর একটি সাজা কার্যকর হবে। সেক্ষেত্রে তাকে ১০ বছরই কারাভোগ করতে হবে। তবে দন্ডিত আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দুদক সম্পদের হিসাব বিবরণী জমার নোটিস দিলে ২ নভেম্বর তা জমা দেন জহিরুল ইসলাম মানিক। সেখানে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন তিনি। একইসঙ্গে তিনি ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন। ২০২৫ সালের ৬ মার্চ দুদুকের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করে। তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেন একই কমকর্তা। ২৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। বিচার চলাকালীন আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে।