জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা আগুন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ এএম

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার পর জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। গত সোমবার রাত ৮টার পর ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এই পালটা হামলা হয়। হামলায় চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পালটা হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন জামায়াতের নেতারা। এদিকে বিএনপির মিছিলে হামলার ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের জন্য সমবেত হন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত ও বর্তমানে জামায়াত ঘনিষ্ঠ ‘কাকন বাহিনীর’ সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ শুরু করে। এতে ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদ (২৬), মো. সিজান খাঁ (২২), রিফাত (২৬), মাহিম (২৫), রবিউল (১৭) ও মাহিত (২৪) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিক্ষুব্ধরা মাজদিয়া এলাকায় জামায়াতের নেতা-সমর্থকদের চারটি বাড়ি ও আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। সামাজিক মাধ্যমে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন জামায়াত নেতারা। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের বাড়ি ছাড়াও জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত ছমির মেম্বার, নুরুল আলম ও নুর ইসলামের বাড়ি রয়েছে। তাদের বাড়ির সামনে রাখা আটটি মোটারসাইকেল আগুনে পুড়ে যায়।

সূত্র জানায়, মাজদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের বিরোধ চলে আসছে। এরই জেরে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকালে পুড়ে যাওয়া বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল গাফফার খাঁন। তিনি ন্যক্কারজনক এই হামলার জন্য বিএনপিকে দায়ী করে নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেন। অন্যদিকে একই সময়ে শহরের সাঁড়া গোপালপুর গ্রামে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরীর বাড়ি ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

জামায়াতের বিরুদ্ধে বিএনপির অভিযোগ : গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় বিএনপি নেতা মো. জাকারিয়া পিন্টুর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির একাংশের আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল। তিনি বলেন, ছাত্রদলের মিছিলে সেসব বাড়ির ভেতর থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায়, ওইসব বাড়ি ঘেরাও করার পর অস্ত্রধারীরা পালিয়ে যায়। কিন্তু বাড়ির সামনে ১৫ থেকে ২০টি মোটরসাইকেল রাখা ছিল। এ সময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। তবে কোনো বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেনি। জুয়েল প্রশ্ন তোলেন ওই বাড়িগুলো যদি জামায়াত নেতাদের হয় তাহলে আওয়ামী সন্ত্রাসবিরোধী ছাত্রদলের মিছিলের ওপর ওই বাড়ি থেকে কেন গুলি চালানো হলো? বিএনপি নেতা জুয়েল দাবি করেন মূলত সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও হামলার ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং হামলাকারীদের আড়াল করতেই জামায়াতে ইসলামীর একটি পক্ষ এই ভিত্তিহীন অভিযোগ তুলেছে। আওয়ামী লীগের সন্ত্রাসী ও জলদস্যু ‘কাকন বাহিনী’র থেকে বালু চুরির অবৈধ টাকার ভাগ পায় জামায়াত ও তাদের নেতাকর্মীরা। জামায়াতের স্থানীয় কতিপয় ব্যক্তি আওয়ামী সন্ত্রাসী কাকন বাহিনীকে সহযোগিতা করছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গতকাল মঙ্গলবার বিকালে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনার বিচার দাবি করে শহরে বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। তারা এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত