প্রকাশ্যে চাঁদাবাজি, চাঁদা না দিলে গুলি, একের পর এক নৃশংস হত্যা, চাঁদাবাজদের লাগামহীন দৌরাত্ম্যে জিম্মি হয়ে পড়েছেন খুলনার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ভয়ে কেউ মুখ খুলছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তবুও অপরাধ কমছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য ও সাম্প্রতিক অপরাধের চিত্র বিশ্লেষণে জানা যায়, খুলনার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন ৯টি সন্ত্রাসী গ্রুপ। মহানগরী ও আশপাশের এলাকায় খুন, মাদক ব্যবসা, দখলবাজি এবং চাঁদাবাজির নেপথ্যে সক্রিয় রয়েছে এ ৯টি সশস্ত্র গ্রুপ।
গ্রুপগুলো হলো গ্রেনেড বাবু ওরফে রনি চৌধুরীর নেতৃত্বাধীন বি কোম্পানি, পলাশ গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমা বাহিনী, টেংকি শাওন গ্রুপ, আরমান গ্রুপ (আরমিন গ্রুপ নামেও পরিচিত), শাকিল গ্রুপ এবং নাসিম গ্রুপ।
খোঁজ নিয়ে জানা গেছে, বড় সন্ত্রাসী গ্রুপগুলো বিভিন্ন এলাকায় সাব-কমিটি গঠন করে চাঁদা সংগ্রহ করে। কিস্তিতে আদায় করা হয় চাঁদার টাকা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। হোয়াটসঅ্যাপে কল দিয়ে বা চিঠি পাঠিয়ে খুলনা নগরীতে চাঁদাবাজি চলছে। সব থেকে বেশি চাঁদা আদায়ের ঘটনা ঘটছে বটিয়াঘাটার জলমা ইউনিয়নের আবাসন ব্যবসায়ীদের কাছ থেকে। ব্যবসায়ী হিসেবে ৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়। খুলনার ভূমি অফিসগুলোতেও চলছে বেপরোয়া চাঁদাবাজি। খুলনা সদরের সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছিল।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, বাড়িতে গুলি কিংবা সরাসরি হত্যার মতো ঘটনা ঘটছে। ভয়ে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন এবং পুলিশের কাছে অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে নগরীর সন্ধানী ক্লিনিক ও রংধনু ক্লিনিকসহ বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোটা অঙ্কের চাঁদা দাবিতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। টানা ১৯ দিন বন্ধ থাকার পর নগরীর স্বনামধন্য চয়নিকা ফার্মেসি পুলিশ পাহারায় খোলা হয়। চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির আতঙ্কে ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক এলাকা ছেড়েছেন, অধিকাংশ ব্যক্তিগত প্রতিষ্ঠান বিশেষ করে এনজিও বন্ধ রাখা হয়েছে। কিছুদিন আগে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তার দাবিতে প্রশাসনকে আলটিমেটামও দিয়েছেন।
গতকাল বুধবার দাবিকৃত চাঁদা না পেয়ে নগরীর সিএসএস আভার সেন্টারের ম্যানেজারের বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বেলা সাড়ে ৩টার দিকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড়ের জনকল্যাণ সমিতির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর রূপসার সিএসএস আভা সেন্টারের জেনারেল ম্যানেজার মিল্টনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার বিকেল সাড়ে ৩টায় একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
তার আগের দিন মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে নগরীর বিভিন্ন থানার অন্তত সাতটি স্থানে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চালানো এসব সশস্ত্র হামলায় শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। দিনভর চলা এই বন্দুকবাজিতে নগরীজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তরা শেখ আব্দুল হালিমকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই দিন সকাল থেকেই নগরীর খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকায় একের পর এক গুলির ঘটনা ঘটে।
দিনের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা ঘটে সোনাডাঙ্গা থানা এলাকার ‘দ্য পালংকি’ রেস্টুরেন্টে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি পুনরায় খোলা হয় এবং বাইরে টহল পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু বিকেল ৩টার দিকে পুলিশ সদস্যরা ভেতরে খাবার খাওয়ার সময়ই মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর আতঙ্কে রেস্টুরেন্টটি আবারও বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া দুপুর আড়াইটার দিকে লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়ায় পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়িতে গুলি চালায় সন্ত্রাসীরা। হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি করে না পাওয়ায় নূর আজিম বাহিনীর সদস্যরা তার শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে বলে স্বজনরা অভিযোগ করেছেন।
বেলা সোয়া ১১টায় সদর থানার বেলায়েত হোসেন সড়কে রূপসা মাছ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে ঘরে ঢুকে গুলি চালানো হয়, তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকানে ৬ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের সøুইসগেটের পূর্ব পাশে পান্নুর চায়ের দোকানের পাশে ক্যারম বোর্ড খেলার আসরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যারম বোর্ড খেলা ব্যক্তিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে যুবকরা পালানোর চেষ্টা করে। কিন্তু সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে পরপর আরও তিন রাউন্ড গুলি চালায়। সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা ফাঁকা স্থানে আরও দুই রাউন্ড গুলি ছোড়ে। সব মিলিয়ে ছয় রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত ৯টার দিকে লবণচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আব্দুল জলিল আকনের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রিন্সের শ্বশুর। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফুলবাড়ীগেটের সোনালি জুট মিলস এলাকায় গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো গুলির খোসা না পাওয়ায় বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
একই দিনে নগরীর সাতটি স্থানে এমন বেপরোয়া গুলিবর্ষণ ও হত্যাকা-ের ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। নগরীতে মাদক কারবার, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক মাসে খুলনায় অন্তত ১৬টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এক মাসে খুন হয়েছেন ১০ জন। চলতি বছরের প্রায় ১১ মাসে জেলা ও মহানগরে খুন হয়েছেন প্রায় ৮১ জন এবং গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক মানুষ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে এরই মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে বদলি করা হয়েছে।
কেএমপির উপ-কমিশনার মো. রেজাউর রহমান জানিয়েছেন, প্রতিটি ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন রিপন জানান, প্রতিটি ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।