শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের আওতায় আসতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত হত্যাকান্ড ও নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। জাতীয় ঐক্য প্রসঙ্গে জামায়াত আমির বলেছেন, প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগ ইতিবাচক হলেও তা হতে হবে টেকসই।
গতকাল বুধবার সকালে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, তার এ ঘোষণা বিশ্বাসযোগ্য নয়। দেশে ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারিক প্রক্রিয়া চলাকালে দেশে না ফেরার বিষয়টি উল্লেখ করে জামায়াত আমির বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে শেখ হাসিনা তখনই দেশে ফিরতেন।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দলটির ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। খুনের নেশা এখনো কাটেনি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যুবসমাজ ও সাধারণ মানুষ তাদের দেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল। হত্যাকান্ড ও বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, একটি স্বাধীন দেশের ভেতরে একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহী কর্মকা-। দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার নাগরিক বা আইনি অধিকার কারও নেই।
জাতীয় ঐক্য ও প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি অংশ নিয়েছিলেন। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনে একসঙ্গে কাজ করার বিষয়ে কথা হয়েছে।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে সম্মান জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঐক্য কোনো সাময়িক বা অন্তর্বর্তী ঐক্য হলে চলবে না। দেশকে সামনে এগিয়ে নিতে টেকসই ঐক্য গড়ে তুলতে হবে।
গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দূরত্ব তৈরির কারণ হিসেবে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি এবং সেটিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগের কথা উল্লেখ করেন জামায়াত আমির। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান না এলে জাতীয় ঐক্যের সংকট কাটবে না বলেও মনে করেন তিনি।
গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সফরে দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। সফর শেষে মালয়েশিয়ায় যাওয়ার কর্মসূচি থাকলেও তা সংক্ষিপ্ত করে দেশে ফেরেন জামায়াত আমির।