অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ উদ্বেগজনক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ এএম

দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বা ‘মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট’ (এমডিআর) জীবাণুর সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মোট সংক্রমণের ৫৫ শতাংশই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর কারণে হচ্ছে। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে এ হার ৯৩ শতাংশে দাঁড়িয়েছে। ফলে গুরুতর সংক্রমণের চিকিৎসায় কার্যকর অ্যান্টিবায়োটিকের বিকল্প ক্রমেই সীমিত হয়ে আসছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৬’ উপলক্ষে  ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভেইল্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় প্রতিবেদনের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে  মূল উপস্থাপনা পেশ করেন আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিসহ আরও অনেকেই। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের আটটি বিভাগ থেকে সংগ্রহ করা ৯৯ হাজার ৮৬৭টি নমুনা বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়। এসব নমুনার মধ্যে ৮৫ হাজার ৫২০টিতে জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, শনাক্ত জীবাণুর ৭৮ শতাংশই গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে ই. কোলাই (৩৩ শতাংশ) এবং কে. নিউমোনিয়া (২১ শতাংশ)। মোট নমুনার অর্ধেকেরও বেশি ছিল প্রস্রাবের।

ফলাফলে দেখা গেছে, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার প্রবণতা প্রায় সব ধরনের সংক্রমণেই রয়েছে। ১৪টি অ্যান্টিবায়োগ্রাম বিশ্লেষণে ১ হাজার ১১৮টি জীবাণু-অ্যান্টিবায়োটিক ফলাফলের মধ্যে ৭৯৫টিতে, অর্থাৎ ৭১ শতাংশের ক্ষেত্রে জীবাণুর সংবেদনশীলতা ছিল ৬০ শতাংশ বা তার কম। সব ধরনের নমুনা মিলিয়ে ৫২ শতাংশ ফলাফল ছিল রেড জোনে। সংক্রমণের ধরন অনুযায়ীও পরিস্থিতির পার্থক্য দেখা গেছে। প্রস্রাবের নমুনায় রেড জোনের হার ৪৬ শতাংশ, মলে ৬৭, রক্তে ৭২, শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণে ৭৩ এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে ৮২ শতাংশ। তবে আইসিইউতে এ হার ৯০ শতাংশ এবং আইসিইউ রোগীদের রক্তের নমুনায় ৯৩ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ গুরুতর রোগীদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারানোর ঝুঁকি সবচেয়ে বেশি।

প্রচলিত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে : প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ শনাক্ত হওয়ার আগেই সাধারণত যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেগুলোর অনেকগুলোই এখন পর্যাপ্ত কার্যকর থাকছে না। সিপ্রোফ্লক্সাসিনের ক্ষেত্রে পরীক্ষিত কোনো জীবাণুর সংবেদনশীলতা ৬০ শতাংশের বেশি পাওয়া যায়নি। টাইফয়েডের জীবাণু এস. টাইফির ক্ষেত্রে এ হার ২২ শতাংশ এবং শিগেলার ক্ষেত্রে মাত্র ৯ শতাংশ। তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিনের প্রতি ই. কোলাই ও কে. নিউমোনিয়ার সংবেদনশীলতা সামগ্রিকভাবে মাত্র ২৬ থেকে ৫৫ শতাংশ। আইসিইউতে এ হার ১০ শতাংশেরও নিচে নেমে এসেছে। অথচ হাসপাতালগুলোতে এসব অ্যান্টিবায়োটিকের ব্যবহার এখনো বেশি।

কার্যকর বিকল্প সীমিত, কলিস্টিন শেষ ভরসা : প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কলিস্টিন ৮৮ থেকে ৯৭ শতাংশ ক্ষেত্রে কার্যকর পাওয়া গেছে। এসব জীবাণুর বিরুদ্ধে ধারাবাহিকভাবে কার্যকর থাকা ওষুধের মধ্যে এটি অন্যতম। তবে শেষ ভরসার অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত এ ওষুধের কার্যকারিতা ধরে রাখা জরুরি।

অ্যাসিনেটোব্যাকটার ১৩টি অ্যান্টিবায়োটিকের মধ্যে ১২টির বিরুদ্ধেই প্রতিরোধী অবস্থায় পাওয়া গেছে। অন্যদিকে রক্ত, প্রস্রাব, শ্বাসতন্ত্রের নিম্নাংশ কিংবা ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে পি. অ্যারুজিনোসার জন্য কোনো গ্রিন জোনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়নি। তবে কিছু ক্ষেত্রে আশার খবরও রয়েছে। টাইফয়েডের জীবাণু এস. টাইফি এখনো সেফট্রিয়াক্সোনের প্রতি ৯৭ শতাংশ সংবেদনশীল। প্রস্রাবের ই. কোলাইয়ের ক্ষেত্রে ফসফোমাইসিনের কার্যকারিতা ৯৬ শতাংশ এবং নাইট্রোফুরানটয়েনের ৮১ শতাংশ।

অ্যান্টিবায়োটিক ব্যবহারে অসংগতি : পর্যবেক্ষণে দেখা গেছে, জীবাণুর প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা বাড়লেও অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রচলিত চর্চায় প্রয়োজনীয় পরিবর্তন আসেনি। ১৯ হাজার ৩৮৬টি ব্যবহারের রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, ৭৫ শতাংশ ব্যবস্থাপত্রে ছিল ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিক। বিপরীতে অ্যাকসেস গ্রুপের ওষুধের ব্যবহার ছিল ১৬ শতাংশ। হাসপাতালের আইসিইউতে মেরোপেনেমের ব্যবহার ছিল ৩১ শতাংশ এবং সাধারণ ওয়ার্ডে সেফট্রিয়াক্সোনের ব্যবহার ৩৯ শতাংশ। অথচ এসব ওষুধের কার্যকারিতা অনেক জীবাণুর বিরুদ্ধে উল্লেখযোগ্যহারে কমে গেছে।

পরীক্ষাগারে সক্ষমতার ঘাটতি, হাসপাতালেও ঝুঁকি : অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নির্ণয়ে দেশের অধিকাংশ পরীক্ষাগারের সক্ষমতা সীমিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এন্টারোব্যাক্টেরালস গোত্রের জীবাণুর বিরুদ্ধে সিপ্রোফ্লক্সাসিনও তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ই. কোলাইয়ের বিরুদ্ধে সেফট্রায়াক্সোনের কার্যকারিতা মাত্র ৪১ শতাংশ এবং সিপ্রোফ্লক্সাসিনের ৩৮ শতাংশ। তবে কার্বাপেনেমস, অ্যামিকাসিন এবং ফসফোমাইসিন এখনো ই. কোলাইয়ের বিরুদ্ধে কার্যকর রয়েছে। অ্যাসিনেটোব্যাক্টর প্রজাতির জীবাণু কেবল কলিস্টিনের (৯৪ শতাংশ) প্রতি নির্ভরযোগ্যভাবে সংবেদনশীল পাওয়া গেছে। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আইসোলেটের প্রায় অর্ধেকই মেথিসিলিন-রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস (এমআরএসএ)। প্রস্রাবের সংক্রমণে ই. কোলাইয়ের বিরুদ্ধে ফসফোমাইসিন (৯৬ শতাংশ) এবং নাইট্রোফুরানটোইন (৮১ শতাংশ) কার্যকর থাকলেও টাইফয়েড জ্বরের জীবাণু সালমোনেলা টাইফি (২২ শতাংশ) এবং আমাশয়ের জীবাণু শিগেলার (৯ শতাংশ) বিরুদ্ধে সিপ্রোফ্লক্সাসিন আর কার্যকর নেই।

জরুরি ভিত্তিতে অ্যান্টিবায়োটিক ব্যবহারে পরিবর্তনের তাগিদ : পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত