নিয়মিত সংরক্ষণের অংশ হিসেবে আদানি ঝাড়খন্ডের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। গতকাল বুধবার রাত থেকে কেন্দ্রটির এই ইউনিট বন্ধ থাকবে। তবে এতে দেশের বিদ্যুৎ সরবরাহে কোনো পরিবর্তন ঘটবে না।
পিজিসিবি বলছে গতকাল দিনের বেলাও কেন্দ্রটি ৮৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করেছে। তবে মঙ্গলবার কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করেছে ৯০০ মেগাওয়াটের বেশি। আদানির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি ইউনিট বন্ধ থাকলেও অন্যটি বিদ্যুৎ সরবরাহ করবে। দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ দশমিক ৬ গিগাওয়াট। তবে পূর্ণ ক্ষমতায় উৎপাদন করলে নিজস্ব ব্যবহার বাদ দিয়ে ১ দশমিক ৪৯৬ গিগাওয়াট বাংলাদেশে ব্যবহার করতে পারে কেন্দ্রটি।
ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) তথ্য বলছে, তাপমাত্রা কমে যাওয়ায় দেশে এখন দিন-রাত দুই সময়ই বিদ্যুতের চাহিদা কম থাকে। এর মধ্যে দিনের বেলা গত মঙ্গলবার বিদ্যুতের চাহিদা ছিল ১১ হাজার ৩৭৮ মেগাওয়াট এবং রাতের বেলা ছিল ১২ হাজার ৭২৬ মেগাওয়াট। এনএলডিসির তথ্য অনুযায়ী, দেশের কোথাও লোডশেডিং করা হয়নি। তবে কারিগরি ত্রুটির কারণে কোনো কোনো জায়গায় বিদ্যুৎ না থাকলেও তা লোডশেডিং নয় বলে উল্লেখ করা হয়েছে।
যেহেতু বিদ্যুতের চাহিদা কম রয়েছে, তাই আদানি বন্ধে কোনো প্রভাব পড়ার কথা নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি জানান, এখন চাহিদা কম থাকাতে কোনো সংকট হবে না।
আদানি জানায়, তাদের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট নিয়মিত বার্ষিক রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে গতকাল রাত থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ হবে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।