কুষ্টিয়া কারাগারের ফটকে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপের অভিযোগ 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেল যোগে আসা তিনজন দুর্বৃত্ত সড়কের ওপর থেকে কারাগারের গেইটে বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় বিস্ফোরণের বিকট শব্দে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ‘ভোরের দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত কারাগারের সামনে আসে। এ সময় তারা সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করে। বোমাটি ঘটনাস্থলে বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এসব ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে। ঘটনায় যারাই জড়িত থাক তাদের গ্রেপ্তার করা হবে বলে জানালেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

কুষ্টিয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শরিফুল আলম বলেন, মোটরসাইকেলে করে তিনজন এসে সড়কের ওপর থেকে ককটেল বোমা নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ভোরে জেল গেইটে যে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটা কে বা কারা কি উদ্দেশ্যে ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

সর্বশেষ সর্বাধিক পঠিত