পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে চলমান অসন্তোষ ও আন্দোলনের মধ্যে আগামী শনিবার থেকে দেশের সব কলকারখানা স্বাভাবিকভাবে চালুর প্রত্যাশা করছে সরকার। তবে শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শ্রমিক আন্দোলনে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আপনারা তাদের চিহ্নিত করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন। আমার মনে হয়, এদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, গত তিন বছরে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। বৈশ্বিক সংকট ও জ্বালানিচ্যালেঞ্জের মধ্যেও শ্রমিকদের মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব হয়েছে। নতুন মজুরি কাঠামোর পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার আরও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
নতুন মজুরি কাঠামোর তথ্য তুলে ধরে তিনি বলেন, পোশাকশ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। পরে ভোটের মাধ্যমে দুই পক্ষের প্রস্তাবের মাঝামাঝি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের নিম্নতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। এতে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। এ গ্রেডে বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ দশমিক ১২ শতাংশ। তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকা হয়েছে। বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা ৪১ দশমিক ৭০ শতাংশ। আর চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ গ্রেডে বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।
এদিকে শ্রমিক আন্দোলনের মধ্যে ষড়যন্ত্র খোঁজার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। তিনি বলেন, আন্দোলনকে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত রাখতে দায়িত্বশীল শ্রমিক নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক আন্দোলনে আনুষ্ঠানিক শ্রমিক সংগঠনগুলোর নিরঙ্কুশ নেতৃত্ব প্রতিষ্ঠিত না হওয়ায় কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ভবিষ্যতে শ্রমিক আন্দোলনে নেতৃত্বের কার্যকর নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘যে আন্দোলন আমি ঘোষণা করব, যে আন্দোলন আমি সমর্থন দেব, সেই আন্দোলন আমি থামাতে পারব না—এটা একটা দৈন্যতা।’ শ্রমিক আন্দোলন সুশৃঙ্খল হলে সংখ্যাগরিষ্ঠ শ্রমিক উপকৃত হবেন।
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, বর্তমান আয় দিয়ে অনেক শ্রমিকের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া, চিকিৎসা, সন্তানের পড়াশোনা ও জ্বালানির খরচ বেড়েছে। শুধু মজুরি বাড়িয়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। বেতন-বোনাসের বাইরেও সামাজিক সুরক্ষা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, শিল্পঘন সাতটি অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতি রয়েছে। এ ছাড়া শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ৬০টি স্থানে শ্রমিকরা ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পাচ্ছেন।
শিল্পাঞ্চলে বাড়িভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি ঠেকাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।