শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না। রেজাল্ট ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভবন দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে রেজাল্ট খারাপ করবে, সেসব প্রতিষ্ঠান ভবন পাবে না। কোন সুযোগ-সুবিধা পাবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরে নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী মিলন বলেন, এটা বিগত ফ্যাসিষ্ট সরকার নয়, যে খাতায় না লিখেও নাম্বার পাওয়া যাবে, পাশ করা যাবে। খাতায় লিখতে হবে এবং শিক্ষকদের নিকট সঠিক মূল্যায়িত হতে হবে। তবেই ভালো রেজাল্ট করা যাবে।
এবার এইচএসসি রেজাল্ট ভালো হয়নি। দ্বিতীয় বার অকৃতকার্যদের খাতা মূল্যায়ন করা হয়েছে, সেখানে পাশের সংখ্যা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা কিছু বেড়েছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এমপিওভূক্ত শিক্ষকরা ক্লাসরুমের বাহিরে কোথাও পড়াতে পারবে না। অনেক শিক্ষক রয়েছে, যারা ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ায়। ক্লাসে পড়াতে হবে, শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা রাষ্ট্রদ্রোহিত কোনো মিছিল-মিটিং যেতে পারবেন না। যেসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ এড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ।