নারদ নদসহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নাটোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের নিকট তার দপ্তরে ১৭টি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক বলেন, নারদ নদসহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয়সহ প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন জানান, দখল আর দূষণে নারদ নদ প্রাণহীন হয়ে পড়েছে। বড়াল বেসিন প্রকল্প অনুমোদন এবং বাস্তবায়নের মাধ্যমে প্রাণ ফিরে পাবে নারদ নদ। দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জানান, নদীবান্ধব অর্থনীতি গড়ে তোলা, সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদ, নদীতে বর্জ্য ফেলা বন্ধ ও শিল্প প্রতিষ্ঠানে ইটিপি চালু, নদীর বহুমুখী ব্যবহার নিশ্চিত করাসহ প্রধানমন্ত্রীকে প্রেরণের জন্যে ১৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।