দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তে দেওয়া এ ঋণের আওতায় প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধার আওতায় আসবেন।
বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকল্পের আওতায় কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়ন করা হবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে নির্ভরযোগ্য পানি সরবরাহ এবং স্যানিটেশন সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাপনা চালু ও টেকসই সেবা নিশ্চিত করা হবে।
প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি স্মার্ট মিটারসহ ৬৫ হাজার গৃহস্থালি পানির সংযোগ স্থাপন অথবা সংস্কার করা হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ বরাদ্দ থাকবে নিম্নআয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের জন্য।
এ ছাড়া সাতটি পানি শোধনাগার সংস্কার, ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) প্রতিষ্ঠা এবং নিম্নআয়ের মানুষের জন্য ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন নির্মাণ করা হবে। নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের উপযোগী চারটি পাবলিক স্যানিটেশন সুবিধাও গড়ে তোলা হবে।
২০২৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পানি ও স্যানিটেশন সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে কুমিল্লা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) প্রতিষ্ঠায় সহায়তা দেবে এডিবি।
মূল ঋণের পাশাপাশি নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার কারিগরি সহায়তা দেবে সংস্থাটি। অন্যদিকে, প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ৪ কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করবে।