হাজারী গুড় তৈরিতে ব্যস্ততা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, এরপরই শুরু হবে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড় তৈরির মৌসুম। এ উপলক্ষে হরিরামপুর উপজেলার হাজারীপল্লীতে চলছে জোর প্রস্তুতি। খেজুরগাছ প্রস্তুত করা থেকে শুরু করে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ সবকিছুতেই ব্যস্ত সময় পার করছেন গাছি ও তাদের পরিবার। চলতি বছর হাজারী গুড় ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ায় এবারের মৌসুম ঘিরে তাদের মধ্যে যোগ হয়েছে বাড়তি উৎসাহ।

সরেজমিন দেখা যায়, হাজারীপল্লীখ্যাত বাল্লা ইউনিয়নের ঝিটকা ও আশপাশের গ্রামগুলোতে গাছিরা দা ও বাটাল হাতে নিপুণভাবে গাছ পরিষ্কার, চাছা-ছোলা ও নলি বসানোর কাজ করছেন। কয়েক দিন পর গাছে হাঁড়ি বেঁধে রস সংগ্রহ ও তা জ্বাল দিয়ে তৈরি হবে এই বিশেষ গুড়। অন্যদিকে পরিবারের সদস্যরা তৈরি করছেন মাটির চুলা এবং সংগ্রহ করছেন খড়সহ প্রয়োজনীয় জ্বালানি।

প্রায় ৩০০ বছর আগে মোহাম্মদ হাজারী নামের এক ব্যক্তি বিশেষ পদ্ধতিতে এই গুড় তৈরি শুরু করেন, যা পরে তার নামেই পরিচিতি পায়। প্রজন্মের পর প্রজন্ম স্থানীয় কারিগররা এই ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। এর স্বীকৃতি হিসেবে চলতি বছরের ১৫ জুন ‘মানিকগঞ্জের হাজারী গুড়’কে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেয় শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তর, যা স্থানীয় উৎপাদকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

ঝিটকা শিকদারপাড়া গ্রামের গাছি খন্দকার মিজানুর রহমান বলেন, ‘এখন খেজুরগাছের ঝোড়া পরিষ্কারের কাজ করছি। ধাপে ধাপে এসব কাজ করতে হয়। এরপর আরও কয়েক দফা গাছ চাছা হবে। ১৫ থেকে ২০ দিন পর লাল গুড় তৈরি করা সম্ভব হবে। আর তার প্রায় এক মাস পর থেকে তৈরি করা যাবে আমাদের কাক্সিক্ষত হাজারী গুড়।’ তিনি আরও বলেন, ‘হাজারী গুড় আগে থেকেই পরিচিত একটি ব্র্যান্ড। তবে এ বছর জিআই সনদ পাওয়ায় আমরা আরও গর্বিত। এই স্বীকৃতির মর্যাদা ধরে রাখতে এবং গুড়ের গুণগত মান অক্ষুণœ রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, হরিরামপুরের হাজারী গুড় প্রায় ৩০০ বছরের ঐতিহ্য বহন করছে। এ বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে। ইতিমধ্যে গাছিরা উৎপাদনের প্রস্তুতি শুরু করেছেন। গুড়ের দীর্ঘদিনের সুনাম ও গুণগত মান ধরে রাখতে কৃষি বিভাগ সচেতন রয়েছে। তিনি জানান, উপজেলায় আনুমানিক সাড়ে ৮ হাজার খেজুরগাছ রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব হবে। ইতিমধ্যে গাছিদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর হাজারী গুড়ের উৎপাদন বাড়বে বলে আশা করছেন তারা।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, হাজারী গুড় জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এর ঐতিহ্য ও গুণগত মান রক্ষা করা এখন সবার দায়িত্ব। এটি শুধু জেলা প্রশাসনের নয়, পুরো মানিকগঞ্জবাসীর দায়িত্ব। গুড়ে ভেজাল বা দূষিত উপাদান মেশানো হলে এর ঐতিহ্য ও সুনাম ক্ষুণœ হবে। ঐতিহ্যবাহী পদ্ধতিতে ভেজালমুক্ত হাজারী গুড় তৈরিতে গাছিদের তালিকা ও নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত পরিদর্শনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত