সাবেক কাউন্সিলরের বাড়িতে আগুন

কাউন্সিলরের পরিবারের দাবি, আগুন দেওয়ার আগে বাড়িতে লুটপাট চালানো হয়।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের এক দিন পর তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বসতঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। পরিবারের দাবি, আগুন দেওয়ার আগে বাড়িতে লুটপাট চালানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও গাজীপুর মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর একদিন পর শনিবার সকালে একদল দুর্বৃত্ত তার বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল হক বলেন, আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত