কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই দিনের লকডাউন কর্মসূচি ঠেকাতে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ সময় মহানগরীর অন্তত ১০০টি স্পটে সতর্ক অবস্থান নেবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচির নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ রাস্তায় নেমে কোনো ধরনের নাশকতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইলে স্থানীয় জনতাকে নিয়ে তা প্রতিরোধ করবেন তারা।
দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের মিছিল, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে এবারের লকডাউন কর্মসূচিকে ঘিরে কঠোর সতর্কতামূলক অবস্থান নিচ্ছে বিএনপি। নিজস্ব সূত্রের মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতার বিষয়েও খোঁজখবর রাখছে তারা। কোথাও তাদের মিছিল কিংবা অন্য কোনো ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা হলে তা ঠেকানো এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনাও দেওয়া হয়েছে দলের নেতাকর্মীদের।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণে শনিবার (২৮ নভেম্বর) প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। জেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় মহানগর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতাকর্মীদের অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতার ওপর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতারা বিভিন্ন স্পটে জমায়েত ও কথিত লকডাউনের প্রতিবাদে সমাবেশের কর্মসূচি দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান দেশ রূপান্তরকে বলেন, কথিত লকডাউন কর্মসূচির নামে চট্টগ্রাম মহানগরীর কোথাও যাতে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারেন, সে জন্য নগরীর ১০০টি স্পটে তাদের নেতাকর্মীরা অবস্থান নেবেন।
তিনি বলেন, ২৯ ও ৩০ নভেম্বর ছাড়াও তাদের সব ধরনের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুরো ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি হাতে নেওয়া হবে।
জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি দেশ রূপান্তরকে বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের প্রেতাত্মারা সম্প্রতি বিভিন্ন কর্মসূচির নামে বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। চট্টগ্রামেও বিভিন্ন স্থানে তারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাই দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ে যুবদলকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন। মহানগর যুবদলের উদ্যোগে রোববার বিকেল তিনটায় আগ্রাবাদ বাদামতলী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি এ প্রতিবেদককে বলেন, রোববার সকাল ১০টায় নিউমার্কেট মোড়ে মহিলা দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে দলের নেতাকর্মীরা অবস্থান নেবেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। সর্বশেষ শুক্রবার বাদ জুমা নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে তারা মিছিল করেন। অবশ্য পুলিশ ওই মিছিলের পিছু ধাওয়া করে ২০ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়ি, পুলিশ বক্সসহ কয়েকটি জায়গায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।