পিরোজপুরে আট দিন ধরে পানির নিচে ৩৪৬৭ হেক্টর ফসল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

গত ২০ নভেম্বর দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে প্রবাহিত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা চার দিনের বৃষ্টির আট দিন পরও পিরোজপুরের বিভিন্ন এলাকার কৃষিজমি থেকে পানি নামেনি। এতে জেলার ৩ হাজার ৪৬৭ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে ৩ হাজার ২৫০ হেক্টর জমির আমন ধান, ১০৫ হেক্টর জমির খেসারি ডাল এবং ১১২ হেক্টর জমির শীতকালীন শাকসবজি রয়েছে। দীর্ঘ সময় জমিতে পানি জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এতে আর্থিক ক্ষতির দুশ্চিন্তায় পড়েছেন তারা।

শনিবার (২৮ নভেম্বর) সরেজমিনে পিরোজপুর সদর ও জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এখনো কৃষিজমিতে বৃষ্টির পানি জমে রয়েছে। কোথাও হাঁটুপানিতে ডুবে আছে নুইয়ে পড়া আমন ধান, কোথাও পানির ওপর ভাসছে ধানের শীষ। বিশেষ করে জিয়ানগর উপজেলার পত্তাশী, ইন্দুরকানী সদর, চন্ডিপুর ও বালিপাড়া এলাকায় আমন ধানের ক্ষতি বেশি হয়েছে।

পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী, হুলারহাট, বানেশ্বরপুর, টোনা, কুমিরমারা, গাজীপুর ও শারিকতলা এলাকায় বেড়িবাঁধ ভাঙা থাকায় জমিতে পানি ঢুকে ফসলের ক্ষতি হয়েছে।

ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার নিচু এলাকার ফসলি মাঠেও পানি জমে রয়েছে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় ধান পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর পিরোজপুরে ৬৪ হাজার ৩৪৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে অতিবৃষ্টিতে ৩ হাজার ২৫০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। জেলায় ২ হাজার ২৫০ হেক্টর জমিতে খেসারী ডালের আবাদ হয়েছে, যার মধ্যে ১০৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২ হাজার ২০০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ১১২ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে।

গত ১৯ নভেম্বর ভোর থেকে ২২ নভেম্বর পর্যন্ত জেলায় টানা চার দিন বৃষ্টিপাত হয়। এরপর পাঁচ দিন পেরিয়ে গেলেও শুক্রবার পর্যন্ত বিভিন্ন এলাকার কৃষি মাঠ থেকে পানি পুরোপুরি নামেনি। ইতোমধ্যে জেলার ভান্ডারিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার ফসলি মাঠ পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ ও পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকারসহ সংশ্লিষ্ট উপজেলার কৃষি কর্মকর্তারা।

জিয়ানগরের চন্ডিপুর গ্রামের কৃষক জিয়াউদ্দিন শেখ বলেন, প্রায় দুই বিঘা জমিতে ৪০ হাজার টাকা খরচ করে আমন ধানের চাষ করেছেন তিনি। এর মধ্যে প্রায় ১৬ কাঠা জমির ধান বৃষ্টিতে ভেঙে পড়ে পানিতে ডুবে আছে। ধান এখনো পাকেনি, তাই কাটতেও পারছেন না। এবার বৃষ্টিতে যে ক্ষতি হয়েছে, তাতে লাভ হওয়ার সম্ভাবনা নেই। 

সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের কৃষক বজলুর রহমান খান (৬৫) বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বেড়িবাঁধ উপচে ও ভেঙে ফসলি জমিতে পানি ঢুকেছে। যেসব জমির ধান এখন কাটার উপযোগী ছিল, সেগুলোও পানির কারণে কাটা যাচ্ছে না। জমি কর্দমাক্ত হওয়ায় ধান কাটার শ্রমিক ও যন্ত্র ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া জমিতে পানি থাকায় ধান পাকতেও দেরি হচ্ছে। এছাড়া ধান কাটার পর এসব জমিতে রবিশস্য চাষের পরিকল্পনা থাকলেও পানি না নামায় তা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে এই কৃষক।

জিয়ানগরের সাইদখালীর গ্রামের কৃষক জামাল হাওলাদার বলেন, শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, লালশাক, পালংশাকসহ বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করেছিলেন। কিন্তু চার-পাঁচ দিনের খারাপ আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন তিনি।

চরবলেশ্বর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় প্রতি বছর বন্যা ও অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হচ্ছে। এবারও কয়েক দিনের বৃষ্টিতে ধান ও শাক-সবজির ক্ষতি হয়েছে। এর প্রভাব বাজারেও পড়েছে। বর্তমানে ফুলকপি ৮০ টাকা ও বেগুন ৯০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, চলতি বছর জেলায় ৬৪ হাজার ৩৪৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের আমন ধান নুইয়ে পানিতে পড়ে গেছে। এতে প্রায় ৩ হাজার ২৫০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। এ ছাড়া ২ হাজার ২৫০ হেক্টর জমিতে খেসারী ডালের আবাদ হয়েছে, যার মধ্যে ১০৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ হাজার ২০০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ হয়েছে, এর মধ্যে প্রায় ১১২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণে রবি মৌসুমের ফসল চাষের উপযুক্ত সময় পিছিয়ে যাচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের পানি নিষ্কাশনসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। উঁচু এলাকার পানি ধীরে ধীরে মাটিতে চুঁইয়ে নামছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত