দেশের গুরুত্বপূর্ণ ৩৮টি রেলওয়ে স্টেশন ও থানায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেল চলাচল স্বাভাবিক রাখতে এসব স্থানে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সদস্যদের মাঠপর্যায়ে মোতায়েন করা হয়।
নিরাপত্তা কার্যক্রম তদারকির জন্য ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যাত্রীদের জানমালের নিরাপত্তা এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এর আগে পোশাকশ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক বিভিন্ন সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের গুরুত্বপূর্ণ নয়টি জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসব সদস্য পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এতে আরও উল্লেখ করা হয়, দাঙ্গা ও সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্যরা যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করছেন। দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে তাঁদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।