টামি টাক সমস্যায় করণীয়

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএম

ডা. ইকবাল আহমেদ সহযোগী অধ্যাপক

জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং প্লাস্টিক সার্জারি, ঢাকা।

সন্তান জন্মের পর অনেক নারীর শরীরে কিছু স্থায়ী বা দীর্ঘমেয়াদি পরিবর্তন দেখা যায়। বিশেষ করে পেটে অতিরিক্ত চর্বি জমা, পেটের চামড়া ঝুলে যাওয়া, মাংসপেশি আলাদা হয়ে যাওয়া, স্ট্রেচ মার্ক এবং নাভির আকৃতির পরিবর্তন অনেকের জন্য অসুন্দর ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। টামি টাক (Tummy Tuck) হলো পেটের অতিরিক্ত চর্বি ও ঝুলে যাওয়া চামড়া অপসারণের প্রসাধনমূলক অস্ত্রোপচার। এর মাধ্যমে পেটের পেশি টানটান করে পেটকে তুলনামূলক সমতল ও সুগঠিত করা হয়। টামি টাক ও লাইপোসাকশনের সমন্বিত পদ্ধতির উদ্দেশ্য শুধু পেট ছোট করা নয়; বরং অতিরিক্ত চামড়া অপসারণ, প্রয়োজন বুঝে চর্বি কমানো, পেটের মাংসপেশির ব্যবধান কমানো এবং শরীরের স্বাভাবিক ও সুন্দর গঠন ফিরিয়ে আনা।

কেন হয়

গর্ভাবস্থায় শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নারীর পেটের চামড়া, চর্বি ও মাংসপেশিতে ব্যাপক পরিবর্তন আসে। পেটের ত্বক অনেকটা প্রসারিত হয়। একই সঙ্গে পেটের সামনের দিকের দুই পাশের Rectus Abdominis Muscle-এর মাঝখানের সংযোগকারী টিস্যু প্রসারিত হয়ে মাংসপেশি দুটির মধ্যে দূরত্ব তৈরি করে। চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় উDiastasis Recti। এর ফলে সন্তান জন্মের পরও নারীর পেট সামনের দিকে বের হয়ে থাকে। কারও পেটের নিচের অংশে অতিরিক্ত চর্বি জমে, আবার কারও ত্বকের স্থিতিস্থাপকতা কমে পেটের চামড়া ঝুলে পড়ে। গর্ভাবস্থায় ত্বক দ্রুত প্রসারিত হওয়ার কারণে পেটে Stretch Marks বা ফাটা দাগ দেখা দিতে পারে। অনেকের নাভির আকৃতিতে পরিবর্তন আসে। টামি টাক হলো আধুনিক প্লাস্টিক সার্জারি পদ্ধতি। এর মাধ্যমে পেটের অতিরিক্ত ও ঝুলে যাওয়া চামড়া অপসারণ করা হয়, প্রয়োজন অনুযায়ী আলাদা হয়ে যাওয়া পেটের মাংসপেশি পুনরায় কাছাকাছি এনে সেলাই এবং পেটের আকৃতি পুনর্গঠন করা।

কীভাবে সার্জারি হয়

পেটের অতিরিক্ত ও ঝুলে যাওয়া চামড়া অপসারণ করা যায়। পেটের মাংসপেশির ব্যবধান কমানো। নাভির আকৃতি প্রয়োজনে পুনর্গঠন করা। পেটকে তুলনামূলক সমতল ও টানটান আকৃতি দেওয়া সম্ভব। বিশেষ করে যেসব নারীর সন্তান জন্মের পর ওজন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, কিন্তু পেটের অতিরিক্ত চামড়া ও মাংসপেশির সমস্যার কারণে পেট ঝুলে রয়েছে, তাদের ক্ষেত্রে টামি টাক কার্যকর সমাধান হতে পারে।

টামি টাকের সঙ্গে লাইপোসাকশন

অনেক নারীর ক্ষেত্রে শুধু পেটের অতিরিক্ত চামড়া অপসারণ করলেই কাক্সিক্ষত আকৃতি পাওয়া যায় না। পেটের পাশাপাশি কোমরের দুই পাশ, ফ্ল্যাঙ্ক এবং পিঠের নিচের অংশেও অতিরিক্ত চর্বি থাকতে পারে। রোগীর শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী Liposuction-এর মাধ্যমে অতিরিক্ত চর্বি কমানো হয়। চামড়া অপসারণ ও প্রয়োজন অনুযায়ী পেটের মাংসপেশি শক্ত করা হয়। এর মাধ্যমে পেটের অতিরিক্ত চর্বি কমানো, কোমরের দুই পাশের আকৃতি উন্নত করা, ঝুলে যাওয়া চামড়া অপসারণ এবং পেট ও কোমরের মধ্যে সামঞ্জস্য তৈরি করা সম্ভব। সবার ক্ষেত্রে একই ধরনের সার্জারি উপযুক্ত নয়। ত্বকের রক্তসঞ্চালন, অতিরিক্ত চর্বি, রোগীর শারীরিক গঠন ও অন্যান্য স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে সার্জারির পরিকল্পনা করা।

সার্জারির আগে সতর্কতা

রোগীর ওজন স্থিতিশীল থাকা । আরও সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে অপেক্ষা করা। ডায়াবেটিস ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে রাখা। রোগীর সামগ্রিক স্বাস্থ্য, ত্বকের অবস্থা, চর্বির পরিমাণ এবং পেটের মাংসপেশির পরিস্থিতি মূল্যায়ন করা। টামি টাক ওজন কমানোর বিকল্প নয়। এটি পেটের অতিরিক্ত চামড়া, চর্বি ও মাংসপেশির সমস্যা সংশোধন করে শরীরের আকৃতি উন্নত করার সার্জিক্যাল পদ্ধতি।

সার্জারির পরের যত্ন

টামি টাক বড় সার্জারি। অপারেশনের পর বিশ্রাম, কম্প্রেশন গার্মেন্ট ব্যবহার, ক্ষতস্থানের যত্ন এবং নিয়মিত ফলোআপ গুরুত্বপূর্ণ। সাধারণত রোগীকে ধীরে ধীরে হাঁটাচলা শুরু করতে বলা হয়। ভারী কাজ ও ব্যায়ামে ফিরতে চিকিৎসকের অনুমতি প্রয়োজন। সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস সময় লাগতে পারে।

অন্য যেকোনো বড় অপারেশনের মতো সার্জারিতেও রক্তপাত, সংক্রমণ, রক্ত জমাট বাঁধা, ক্ষত শুকাতে দেরি, দাগ এবং অন্যান্য জটিলতার ঝুঁকি রয়েছে। অভিজ্ঞ প্লাস্টিক সার্জন, নিরাপদ অপারেশন থিয়েটার, উপযুক্ত অ্যানেসথেসিয়া ব্যবস্থাপনা এবং যথাযথ পরবর্তী পরিচর্যা নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ সর্বাধিক পঠিত