‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন-২০২৬’

পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে ফেরার আওয়াজ তুলছেন

সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করার পাশাপাশি নির্বাচনব্যবস্থা নষ্ট করে বিনা ভোট ও রাতের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল তারা।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

থরে থরে সাজানো শহীদদের রক্তমাখা শার্ট, জুতা, ভাঙা চশমাসহ ব্যবহৃত নানা স্মারক। প্রতিটি জিনিস যেন ধারণ করে আছে একেকটি জীবনের গল্প। সন্তানের ব্যবহৃত সামগ্রীর সামনে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি কোনো মা, কেউ আবার স্মৃতিচিহ্ন ছুঁয়ে ফিরে গেছেন সেই রক্তাক্ত দিনগুলোতে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের স্মৃতি নিয়ে এমনই আবেগঘন পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’।

আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পলাতক শক্তি দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্র করছে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করার পাশাপাশি নির্বাচনব্যবস্থা নষ্ট করে বিনা ভোট ও রাতের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল তারা।

জুলাই গণঅভ্যুত্থানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারের নির্দেশে যে পুলিশ গুলি চালিয়েছে, সেই পুলিশের ছেলেও গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তার ছেলেও শহীদ হয়েছেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—জাতি-ধর্মনির্বিশেষে বাংলাদেশকে ভালোবাসেন, এমন সবাই এ গণঅভ্যুত্থানে শামিল হয়েছিলেন। গণমাধ্যমকর্মী ও সাংবাদিকেরাও বিষয়টি বুঝতে পেরেছিলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, বিশাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও পালিয়ে গেছেন। এই পলাতক শক্তি এখন দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা ষড়যন্ত্রের ছক কষছে। বিভিন্ন দেশ ও সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। তবে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষসহ দেশের সচেতন জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। কোনো অপশক্তিকে তারা ভয় পায় না। এসব ষড়যন্ত্রে লাভ হবে না, বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, প্রত্যেক শহীদ পরিবারের কষ্ট ও হাহাকার একই রকম। যে পরিবারের সন্তান মারা গেছে, সে একমাত্র সন্তান হোক কিংবা অন্য সন্তানদের একজন, তাকে হারানোর বেদনার কোনো সীমা নেই। রাষ্ট্র প্রত্যেক শহীদকে সমানভাবে দেখতে চায়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে ফেরার আওয়াজ তুলছেন। কিন্তু তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ বাংলাদেশে যে বিপর্যয় ঘটিয়েছে, এ ধরনের প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে সেই স্মৃতি ধরে রাখতে চায় রাষ্ট্র। শেখ হাসিনার পাশাপাশি এই দলেরও জনগণের মন থেকে কবর হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান, স্বৈরাচারের পতন এবং বিগত দেড় দশকে দেশে স্বৈরশাসনের সময়কার ইতিহাস সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের উদ্দেশ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে জাদুঘরে ৫৯০ জন শহীদের স্মারক সংরক্ষিত রয়েছে। এর মধ্যে গ্যালারিতে ২০৫ জন শহীদের পাঁচ শতাধিক স্মারক প্রদর্শিত হচ্ছে। তবে জাদুঘরের সংগ্রহে শহীদদের ব্যবহৃত দেড় হাজার থেকে এক হাজার ৮০০টি স্মৃতিস্মারক রয়েছে। জায়গা সংকুলান না হওয়ায় একসঙ্গে সব প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে বিভিন্ন প্রদর্শনী ও জাদুঘরের গ্যালারিতে পর্যায়ক্রমে এসব নিদর্শন তুলে ধরা হবে।

উদ্বোধনের পর প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে শহীদ পরিবারের সদস্য, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল। প্রদর্শনীতে শহীদদের ব্যবহৃত পোশাক, জুতা, ভাঙা চশমাসহ বিভিন্ন স্মারক সাজিয়ে রাখা হয়েছে। এসব স্মারক ঘিরে দর্শনার্থীদের মধ্যে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

উল্লেখ্য, প্রদর্শনীটি আগামীকাল রবিবার (২৯ নভেম্বর) পর্যন্ত বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত