বিদ্যুৎ খাতের সব সাবস্টেশনের নিরাপত্তা জোরদার এবং নাশকতা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম ছাড়াও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর প্রধানরা।
বৈঠকে নাশকতা প্রতিরোধে বিদ্যুৎ খাতের বিভিন্ন ইউটিলিটি প্রধানদের নেওয়া পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রী নাশকতার চেষ্টাকারী এবং দায়িত্ব পালনে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
বৈঠকে বিদ্যুৎ খাতের সব সাবস্টেশনের নিরাপত্তা জোরদার, স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় এবং রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে সচেতন ও সজাগ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নাশকতাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো এবং বিদ্যুৎ স্থাপনাগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে বলা হয়।