ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরোনো ভবনে নতুন দুটি প্যাসেঞ্জার লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরোনো ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
নতুন লিফট দুটি স্থাপন করা হলে আদালত ভবনে বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে। বর্তমানে ভবনটিতে থাকা পুরোনো ও ব্যবহারের অনুপযোগী দুটি লিফট প্রতিস্থাপনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় প্রতিটি লিফটের ধারণক্ষমতা এক হাজার কেজি এবং গতি প্রতি সেকেন্ডে ১ দশমিক ৫ মিটার। প্রতিটি লিফটে থাকবে ছয়টি স্টপেজ। লিফট দুটি ইতালির তৈরি ‘মোভি’ (Movi) ব্র্যান্ডের।
গণপূর্ত ইএম বিভাগ-৩, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের কার্যাদেশের মূল্য ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। ইতোমধ্যে লিফট দুটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। অতি শিগগিরই এগুলোর স্থাপনকাজ শুরু হবে।
উদ্বোধন অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলমসহ ঢাকায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।