১৪ কোটি ডলারের বিদেশি ঋণ পেল সামিট

আপডেট : ১৭ মে ২০২০, ০২:১৯ এএম

বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতের শীর্ষ কোম্পানি সামিট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানে ১৪ কোটি ডলারের (১,১৯০ কোটি টাকার সমমূল্যের) বিনিয়োগ করেছে আর্থিক খাতের দুই বিদেশি প্রতিষ্ঠান। সিঙ্গাপুরের ক্লিফোর্ড ক্যাপিটাল ও জাপানের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সুমিতোমো মিতসুই ব্যাংকিং করপোরেশন (এসএমবিসি) সামিট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডে দীর্ঘমেয়াদি এই বিনিয়োগ করে। শুক্রবার এক বিবৃতিতে সামিট গ্রুপ এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশ এবং সিঙ্গাপুরে চলমান লকডাউনের মধ্যেই গত ২২ এপ্রিল বিদেশি দুই প্রতিষ্ঠানের এই অর্থায়ন সম্পন্ন হয়। অর্থায়নপ্রাপ্তির প্রক্রিয়াকে বেগবান করতে লকডাউনের মধ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন অনুমোদন প্রদানের মাধ্যমে বিশেষ সহায়তা করেছে।

সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড ২০১৮ সালে বাণিজ্যিক উৎপাদনে যায়। কোম্পানিটির প্রতিষ্ঠাকালীন সময়ে স্থানীয় ব্যাংক এশিয়া, দ্য সিটি, প্রাইম ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অর্থায়ন করেছিল। জাপান ও সিঙ্গাপুরের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে স্থানীয় চার ব্যাংকের অর্থায়ন পরিশোধ করেছে সামিট। সামিট আশা করছে চলমান লকডাউন শেষ হওয়ার পরপরই বিদেশি ওই দুই প্রতিষ্ঠান থেকে অর্থায়নের সর্বশেষ কিস্তি পাবে।

সামিট এক বিবৃতিতে জানায়, দেশের বেসরকারি খাতে সামিট প্রথম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এমন বিনিয়োগ পেয়েছে। এর আগে বিদ্যুৎ উন্নয়ন খাতে বিদেশি বিনিয়োগের পুরোটা বা অধিকাংশই বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন ডিইজি, এফএমও, আইএফসি, এডিবি, আইএসডিবি, সিডিসি ইত্যাদি থেকে এসেছিল। 

বিদেশি অর্থায়ন প্রসঙ্গে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘কভিড-১৯ মহামারীর মধ্যেও বাণিজ্যিক ঋণদাতাদের কাছ থেকে এই স্বল্পমূল্যের দীর্ঘমেয়াদি প্রকল্প অর্থায়ন আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে সামিট, সর্বোপরি বাংলাদেশের মর্যাদা এবং সুনামের প্রতিফলন। আমরা আমাদের গ্রাহক ও ঋণদাতাদের প্রতি কৃতজ্ঞ এবং নিশ্চিত করতে চাই যে আমরা উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব।’

সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডে বিনিয়োগ করা ক্লিফোর্ড ক্যাপিটাল সিঙ্গাপুরভিত্তিক অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান। বিনিয়োগ সম্পর্কে ক্লিফোর্ড ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অদ্রা লো বলেন, ‘সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সম্প্রসারণের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অর্থায়নের জ্ঞান, সমন্বয় করার সক্ষমতা এবং আমাদের বাংলাদেশের বিদ্যুৎ খাতের অভিজ্ঞতা দিয়ে অর্থায়নের মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানিগুলো তাদের আন্তর্জাতিক পরিম-লে বিনিয়োগে সহায়তা করা। এছাড়া সিঙ্গাপুর অবকাঠামো অর্থায়নের জন্য একটি অনন্য গন্তব্য যেখানে অর্থায়নের পৃষ্ঠপোষক, অর্থদাতা এবং পরামর্শদাতাদের কেন্দ্র এটি  তারই একটি নিদর্শন।’

সুমিতোমো মিতসুই ব্যাংকিং করপোরেশনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্ট্রাকচারড ফাইন্যান্স বিভাগের হেড অব পাওয়ার, রিনিউয়েবলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার জীন সো বলেন, ‘এই  লেনদেনের মাধ্যমে আমাদের মূখ্য গ্রাহক সামিট করপোরেশনকে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। এই অভূতপূর্ব পরিস্থিতিতেও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ লেনদেন সম্পন্ন করতে পারায় আমি পুরো দলকে অভিনন্দন জানাই। আমরা এসএমবিসি এবং সামিট করপোরেশনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ পারস্পরিক সহযোগিতার সম্পর্ক প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, সামিট করপোরেশন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হচ্ছে সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড। প্রকল্পটি বাংলাদেশের বেসরকারি খাতে বৃহত্তম জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের (এসওএসসিএল) সাথে দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ চুক্তি করে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে ১৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদ্যুৎ সরবরাহ করছে। এই প্রকল্পটি মাত্র ৯ মাসে বাস্তবায়নের মাধ্যমে ফাস্ট-ট্র্যাক প্রকল্প হিসেবে ২০১৮ সালের ১০ মে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত