পৃথিবীর ৪০০ কোটি মানুষ বছরের একটি নির্দিষ্ট সময় বিশুদ্ধ পানির সংকটে ভোগে। এ অবস্থাতে ২০৫০ সালের মধ্যে পানির চাহিদা আরও ৫০ শতাংশ বাড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাংসদ সাবের হোসেন চৌধুরী। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, অ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক পানি সম্মেলন-২০২১-এর সমাপনী দিন গত শুক্রবার এসব কথা বলেন তিনি।
অর্থনৈতিক কর্মকান্ড, কৃষিক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে পানির অপরিহার্যতার বিষয়টি উল্লেখ করে বৈশ্বিক মহামারী কভিড-১৯ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের জন্য পানির উৎসগুলোর যথাযথ সংরক্ষণ নিশ্চিতের তাগিদ দেন সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, দুষপ্রাপ্যতার কারণে ভবিষ্যতে পানি এবং পানির উৎসই রাষ্ট্রীয় সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে মানুষের উন্নত জীবন নিশ্চিতে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের ওপরও জোর দেন তিনি। নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্য এবং নদী ও পানির সঙ্গে এর সম্পর্কের কথা তুলে ধরেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক সালেমুল হক।