হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা সোহাগী সামিয়া তার ‘শিক্ষার্থী’ পরিচয় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অভিযোগ ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছেন।
রবিবার ঢাকার রামপুরা সেতুর ওপর সড়কের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শনী কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তার পরিচয় নিশ্চিত করে এই প্রতিক্রিয়া জানান।
উল্লেখ্য, একটি রাজনৈতিক দলের নেত্রী স্কুল ড্রেস পরে রামপুরায় শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। সামিয়াকে ইঙ্গিত করে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, “রাজনৈতিক দল থেকে শিক্ষার্থীদের উসকানি দেওয়া হয়। সেটার প্রমাণ আমাদের কাছে আছে। এর ভিডিও ফুটেজ আছে। এটা একটা রাজনৈতিক দলের মহানগরের মহিলা নেত্রী রামপুরায় রাস্তায় নেমে ছাত্র-ছাত্রীদের উসকানি দিচ্ছেন, স্কুলের ড্রেস পরে।”
ওবায়দুল কাদেরের এই মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামিয়া বলেন, “আমি সোহাগী সামিয়া, খিলগাঁও মডেল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি।”
তিনি বলেন, “একটা লেখালেখি ছড়াচ্ছে যে, আমি নাকি স্টুডেন্ট না। আমি নাকি স্কুল-কলেজের ড্রেস পরে ছাত্রদেরকে উসকানি দিচ্ছি। আমার কাছে আমার আইডি কার্ড আছে, সঙ্গে আছে আমি যে এবার এইচএসসি পরীক্ষার্থী তার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডসহ সকল ডকুমেন্টস হাজির করছি।”
নিজের ছাত্র সংগঠনে সম্পৃক্ততা নিয়ে সামিয়া বলেন, “আমি বুক ফুলিয়ে বলছি, ২০১৭ সাল থেকে আমি (সমাজতান্ত্রিক) ছাত্রফ্রন্ট করি। আমি আমি ঢাকা নগরের দপ্তর সম্পাদক।”
সামিয়া বলেন,“প্রশ্ন এখানেই নয়, আমি এদেশের নাগরিক, আমার সংগঠন করবার অবশ্যই অধিকার রয়েছে। আমি এদেশের সাধারণ ছাত্র। প্রশ্ন হচ্ছে- আমি কোনো রাজনৈতিক ইস্যুকে এই আন্দোলনের মাঝে টেনে এনেছি কি না? আমি শুরু থেকেই এই আন্দোলনের সাথে যুক্ত। আমার কোনো বক্তব্য, কোনো স্লোগান, আমার কোনো কথায় রাজনৈতিক বক্তব্য টেনে এনেছি কিনা তা সবাই জানেন।”
তাকে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো অভিযোগ নেই দাবি করে সামিয়া বলেন, “শিক্ষার্থীরা কোনো রোবট না, এবং তাদের নিজস্ব চিন্তা-ধারা আছে।”
সামিয়া বলেন, “অনেকে বলছেন- আমাদের আন্দোলনে রাজনীতি ঢুকে যাচ্ছে। আমরা বলতে চাই, যারা বলছেন- তারা হচ্ছেন বহিরাগত। তারা আন্দোলনের মানুষ নন। আন্দোলনের বাইরে যারা কথা বলবেন তারা আন্দোলনের বাইরের বিষয় নিয়ে কথা বলবেন। তারা আন্দোলনের অন্তর্গত বিষয় নিয়ে কথা বলবেন না। তারা আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য, অন্যদিকে ডাইভার্ট করার জন্য নানা রকম অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমরা ছাত্ররা বলতে চাই- আমরা কী আমরা কী করছি, তা আমাদের কাছে পরিষ্কার।”
হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ২৯ নভেম্বর রামপুরায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মো. মাঈনউদ্দীন নিহত হওয়ার পর রামপুরায় প্রতিদিনই বিক্ষোভসহ নানা কর্মসূচি চলছে। এসব কর্মসূচিতে নেতৃত্বে রয়েছেন সোহাগী সামিয়া।
