ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে একজনকে আটক করেছে পুলিশ। প্রতারণার দায়ে আটক ব্যক্তির নাম মো. মোমিন।
জাল কাগজপত্র তৈরি এবং ডিএনসিসি'র কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্র প্রদান করার অভিযোগে আটক ব্যক্তিসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছে ডিএনসিসি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে গুলশান থানায় মামলা করা হয়।
এক বিজ্ঞপ্তিতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, বৃহস্পতিবার দুপুরে শাহিনা আক্তার নামে একজন নারী এরিয়া সুপারভাইজার (মহিলা), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-২ নামক পদের বিপরীতে একটি ভুয়া নিয়োগপত্র ও নকল আইডি কার্ড নিয়ে গুলশান-২ নগর ভবনে উপস্থিত হন। পরে বিষয়টি জানতে পারে কর্তৃপক্ষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এরিয়া সুপারভাইজার নামে কোন পদ নেই। শাহিন আক্তার জানায় আটক মো. মোমিন তার কাছ থেকে মোট অঙ্কের টাকা নিয়ে তাকে ভূয়া নিয়োগপত্র দিয়েছেন।
মকবুল হোসাইন জানান, ভুয়া নিয়োগপত্রে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্র প্রদান করা হয়। এর সাথে ডিএনসিসির কোনো সংশ্লিষ্টতা নেই এবং অভিযুক্ত আসামি মো. মোমিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেউ নন।