আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সহজেই অনেক সমস্যার সমাধান করতে পারেন। সেজন্য অ্যান্ড্রয়েড ফোনে কয়েকটি অ্যাপস ইনস্টল করে রাখতে হবে। কয়েকটি কার্যকরী অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে লিখলেন অরণ্য সৌরভ
ইংলিশ বাংলা ডিকশনারি
ইংলিশ বাংলা ডিকশনারি এমনই এক কার্যকরী অ্যাপস, যা দিয়ে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা শব্দের অর্থ সহজেই বের করা যায়। প্রয়োজনীয় শব্দটি অ্যাপসের সার্চ বক্সে লিখে সার্চ করলেই অর্থটাসহ সমার্থক শব্দ, পার্টস অব স্পিচ শব্দটি অর্থসহ সামনে দেখা যাবে। এতে সহজেই ইংরেজি শব্দের অর্থ জানতে পারবেন।
লাস্ট পাস
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন, সোশ্যাল মিডিয়া লগইন, ই-মেইলসহ আমরা বিভিন্ন সময় ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে প্রোফাইল তৈরি করি। সবগুলোই আলাদা আলাদা হয়। ফলে ইউজার নেইম এবং পাসওয়ার্ড সবসময় মনে থাকে না, ভুলে যাই; পড়তে হয় বিপাকে। পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে রেহাই পেতে ব্যবহার করতে পারেন লাস্ট পাস নামক অ্যাপটি। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ডগুলো গোপনীয়ভাবে অটোমেটিক সেভ করে রাখবে। যখনই আপনি কোনো সাইডে লগইন করবেন তখন এই অ্যাপটা আপনাকে সাজেশন দেবে। ঐ সাইটটির ইউজার আইডি এবং পাসওয়ার্ড কী ছিল, লগইন করার সময় অটোমেটিক লগইন করে নিতে পারবেন।
পিকআর্ট ফটো স্টুডিও
আমরা সবাই বিভিন্ন সময়েই ছবি তুলি। কিন্তু মোবাইলে তোলা ছবি অনেক সময়ই লাইটিং, কালার গ্রেডিং মানানসই হয় না। একটি ছবিকে সুন্দর করার জন্য তাই প্রয়োজন ফটো এডিটিংয়ের। ফটো এডিটিং অ্যাপস ব্যবহার করে মানানসই ও পছন্দসই ছবিকে লাইটিং ও কালার গ্রেডিং দিয়ে সুন্দর করে তুলতে পারেন। এই অ্যাপের মধ্যে অনেকগুলো বিল্ডিং ফিল্টার রয়েছে, যেগুলো ব্যবহার করে সাধারণ ছবিকেও খুব সুন্দর প্রফেশনাল করে ফেলতে পারেন।
ইভার নোট
মোবাইলে ইভার নোট অ্যাপটি ব্যবহার করেই প্রয়োজনীয় বিভিন্ন বিষয় ও দরকারে নোট করে রাখা যাবে। যেমন: বাজারের পণ্য তালিকা, অফিসের বিভিন্ন জিনিসপত্র ক্রয়, বিশেষ কাজে দরকারি বিভিন্ন কাগজপত্রের তালিকা তৈরি করে রাখতে পারেন। এতে ভুলে গেলেও বিপাকে পড়তে হবে না, সহজেই নোটটি থেকে দেখে নিতে পারবেন। এই অ্যাপটি ব্যবহার করে প্রতিদিনের প্রয়োজনীয় তালিকা, কাজের তালিকা, দেনা-পাওয়া, আয়-ব্যয় সবকিছুই নোট আকারে লিপিবদ্ধ করে রাখা যাবে। এছাড়া প্রতিদিনের যে কাজটি শেষ হয়েছে বা যে পণ্যটি কেনা হয়েছে তা মার্ক করেও রাখতে পারবেন।
স্লাক
অফিস, ক্লাস, ব্যবসায় কিংবা প্রকল্প বা প্রজেক্টে কয়েকজনের টিম নিয়ে আমাদের অনেক কাজ করতে হয়। এই অ্যাপের মাধ্যমে টিমের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে, কারও কোনো সমস্যা আছে কি না, জরুরি কারও সঙ্গে যোগাযোগ প্রয়োজন, বিভিন্ন ধরনের বার্তা আদানপ্রদান সহজেই করা যায়। মোটকথা, একটি টিমের সঙ্গে কাজ সম্পন্ন করার জন্য যে যোগাযোগ প্রয়োজন, সবই এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে করা যাবে। অ্যাপটিকে টিম ম্যানেজমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন।
হ্যাভিট ট্রাকার
এটা একটি প্রডাক্টিবি অ্যাপ। দিনের ২৪ ঘণ্টায় আপনি কত ঘণ্টা ভালো কাজে ব্যয় করেছেন, অন্যান্য কাজে কতটা সময় ব্যয় হচ্ছে সেসব এই অ্যাপের মাধ্যমে নির্ণয় করা যাবে। এই অ্যাপটি ব্যবহারে আপনার পছন্দকে ট্র্যাক করে রাখতে পারবেন, এতে আপনাকে কাজটি করতেই হবে বিষয়টা রিমান্ড করবে। এই অ্যাপ ব্যবহারে সেসব থেকে রেহাই মিলবে। প্রত্যেকে যার যার জীবন নিয়ে ব্যস্ত, কারোই কারও জন্য সময় নেই। এই অ্যাপের মাধ্যমে প্রতিদিনের রুটিন সেট করে কাজ সম্পন্ন করতে পারবেন। যেমন: সকালে ক্লাস আছে, বিকেলে টিউশনি আছে, সন্ধ্যায় কারও সঙ্গে সাক্ষাৎ আছে, অফিসে দুপুরে মিটিং আছে, বিশেষ কারও সঙ্গে ফোনে জরুরি কথা বলতে হবে ইত্যাদি সহজেই মনে করিয়ে দেবে। মোটকথা, অ্যাপটি আপনার প্রতিদিনের কাজের রুটিন হিসেবে কার্যকরী ভূমিকা রাখবে।
জেন্ডার- শেয়ার মিউজিক অ্যান্ড ট্রান্সফার ফাইলস
এটা একটি ফাইল শেয়ারিং অ্যাপ। প্রায় সময়ই বিভিন্ন ফাইল শেয়ার করার প্রয়োজন পড়ে বন্ধুদের সঙ্গে, সহকর্মীদের সঙ্গে, স্যার বা অফিসের বসের সঙ্গে। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ক্লাসের নোট, ছবি, বিভিন্ন ধরনের ফাইলপত্র খুব সহজে কারও কাছে পাঠানো যায়। সাধারণত শেয়ারিং প্রক্রিয়া থেকে কয়েকগুণ বেশি স্পিডে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি এই অ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন। সবচেয়ে সুবিধা হলো, ফাইলের সাইজ যত বড়ই হোক সেটাও টান্সফার করতে পারবেন।
উবার অ্যান্ড পাঠাও
দুইটিই রাইড শেয়ারিং অ্যাপ। এ অ্যাপগুলো ব্যবহার করে বিভিন্ন যানবাহন ভাড়া করা যাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যানবাহন পেতে খুব উপকার করে এই অ্যাপগুলো। ট্রাফিকের এই শহরে অ্যাপগুলো কার্যকরী ভূমিকা রাখছে। অ্যাপগুলোর মাধ্যমে বিভিন্ন সময়ে রাইডারদের খুঁজে নিতে পারেন, তারা এসে রিসিভ করে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে।