এমন কথা প্রচলিত আছে, পলাশীর যুদ্ধে যখন নবাব সিরাজ-উদ-দৌলা হারছিলেন, তখন পাশের জমিতে কৃষকরা নিরুদ্বেগ চাষাবাদে ব্যস্ত। এমনও বলা হয়, যখন ইংরেজ বাহিনী মুর্শিদাবাদে বিজয়ীর বেশে প্রবেশ করে, শহরবাসী একটা করে ঢিল ছুড়লেও তারা পালাতে বাধ্য হতো।
বাংলার মানুষের রাজনীতিবিমুখতা বা স্বাধীনতা নিয়ে চিন্তার খামতি আকারে এই সব কথা প্রায়ই বলা হয়। কিন্তু সমাজের সব অংশে রাজনৈতিক সচেতনতা তুলনামূলকভাবে আরেকটু জটিল ও নানা বাস্তবতার ওপরও নির্ভর করে। বিশেষ শ্রেণি সচেতনতা দরকার পড়তে পারে বৈকি! বাঙলা ও এই অঞ্চলের সাধারণ মুসলমানদের রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক বিষয়ে সচেতনতা তেমনই ব্যাপার।
বিষয়টিকে নির্বিশেষ নয়, বরং বিশেষ আকারে ধরে নিয়েছি ড. মুঈন উদ-দীন আহমদ খানের ‘মুসলিম স্ট্রাগল ফর ফ্রিডম ইন বেঙল’ বইটি পড়ার সময়। যার প্রথম প্রকাশ ১৯৬০ সালে। পরিমার্জিত সংস্করণ প্রকাশ হয় ১৯৮২ সালে। ইংরেজিতে লিখিত নাতিদীর্ঘ বইটির বাংলা সংস্করণ প্রকাশ হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। অনুবাদ করেছেন খালিদ ইবনে মুনীর ও মিনহাজ আমান। দশটি অধ্যায়ে এসেছে বাঙলার মুসলিমদের আর্থসামাজিক অবস্থা, ধর্মীয় পুনরুজ্জীবন, সিপাহী বিদ্রোহ, শাসনতান্ত্রিক সংগ্রাম, আধুনিকতা, আনুগত্য, বাঙলা ভাগ, মুসলিম লীগ, খিলাফত আন্দোলন, পাকিস্তানের অভ্যুদয় ও অন্যান্য প্রসঙ্গ।
বাংলার মুসলমানদের রাজনীতিমুখর হয়ে ওঠা এবং শেষ পর্যন্ত পৃথক রাষ্ট্রের মুসাবিদায় পৌঁছার ইতিহাস যথাসম্ভব (অতি) সরল ও সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে এই বইতে। সেখানে দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের আগে মুসলিম সমাজ মোটাদাগে দুই ভাগে বিভক্ত ছিল- উঁচু ও নি¤œ শ্রেণি। যাদের সম্পর্ক সার্বভৌম ও কর্র্তৃত্বের। কিন্তু ‘আধুনিক’ অর্থে রাজনীতির বিকাশের জন্য মধ্যবিত্তের উদ্ভব পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ততদিন অভিজাত শ্রেণিটি ইংরেজদের শাসন প্রণালি ও হিন্দু সমাজের অভিযোজনের অসাধারণ ক্ষমতার কারণে শৌর্য-বীর্যহীন হয়ে পড়ে।
বলা হচ্ছে, ‘পলাশী যুদ্ধের পর, বাংলার সরকারি প্রশাসনে এবং অর্থনৈতিক ব্যবস্থায় একটি বিরাট পরিবর্তন চোখে পড়ে যা প্রথমে ধীরে ধীরে শুরু হলেও পরবর্তী সময়ে দ্রুতই ত্বরান্বিত হয়। এর ফলে উচ্চবিত্ত শ্রেণির মুসলিম জনগোষ্ঠীর সামাজিক অবস্থান ও মর্যাদার নেতিবাচক পরিবর্তন সাধিত হয়। আঠারো শতকের শেষার্ধ মূলত বাংলার উচ্চবিত্ত শ্রেণির মুসলিম জনগোষ্ঠীর বিলুপ্ত হয়ে যাওয়ার এক করুণ অধ্যায়।’ (পৃ: ১৩)
নতুন শাসনকাঠামোর সঙ্গে মানিয়ে নেওয়া বা বিরোধের প্রশ্নে আত্মবিশ্লেষণের দরকার পড়ে। সুলতানি আমল থেকে ভারতীয় উপমহাদেশে শাসন কাঠামোর সঙ্গে ভিন্নভাবে জড়িয়ে ছিল হিন্দুদের একটি অংশ। গড়পড়তা হিসেবে, ব্রিটিশরা তাদের কাছে শাসকের পরিবর্তন বৈ কিছু নয়। পাশাপাশি মুসলিম উচ্চশ্রেণি বিলুপ্ত হওয়ায় অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে তাদের আরও বিস্তৃত হওয়ার সুযোগ দেয়। রাতারাতি শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট আর্থসামাজিক অবস্থান থেকে ছিটকে পড়া এই গোষ্ঠী দেখল ইসলাম থেকে দূরে সরে যাওয়াই এর কারণ। সেদিকে প্রথম দিকের আন্দোলনগুলো মূলত ধর্মীয় সংস্কারমূলক, পাশাপাশি ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে বিরোধ হয় হিন্দু জমিদার ও ইংরেজদের সঙ্গে। হাজী শরীয়তুল্লাহ ও দুদু মিয়া বা ফরায়েজি আন্দোলনকে আমরা প্রাথমিক পর্যায়ে পাই। যাকে লেখক ভূমিকায় বলছেন, ‘জনসম্পৃক্ততা ও সঠিক কৌশলের অভাবে তা ফলদায়ক হতে পারেনি।’ পরে আমরা দেখি আধুনিক ধাঁচের রাজনীতির উদ্ভব ঘটে নতুন মধ্যবিত্তের পত্তনে। নিম্নশ্রেণির আন্দোলনের মূল প্রবণতা হলো ‘বিদ্রোহ’ (সিপাহি বিদ্রোহসহ), আর মধ্যবিত্তের রাজনীতির প্রথম ধাপ হলো ‘আনুগত্য’। মূলত ইংরেজি শিক্ষিত হয়ে একটা দর-কষাকষির পর্যায়ে যাওয়া।
এই আনুগত্যের নানান ধরনের মতপার্থক্য দেখা যায়। যেমনÑ ধর্ম ও রাজনীতিকে কেন্দ্র করে সৈয়দ আমীর আলী ও আবদুল লতিফের মতপার্থক্য। গণতন্ত্রের প্রশ্নেও নানান মত দেখা যায়। অন্যদিকে শেষ পর্যন্ত হিন্দু ও মুসলিম এক পাটাতনে হাজির হতে পারেনি। ড. খানের মতে, ‘বেনিয়া স্বার্থ’ ক্ষুণœ হওয়ার কারণে বঙ্গভঙ্গ রদে হিন্দুদের প্রতিক্রিয়ার কারণে মুসলিম মধ্যবিত্তরা উদারনৈতিক অবস্থান ছেড়ে পৃথক রাজনৈতিক পাটাতনে হাজির হয়। এ সম্পর্ক ওঠানামা, টানাপড়েনের মধ্য দিয়ে গেছে। ভারত ও পাকিস্তান প্রশ্নে বলা হয়, ‘মুসলিম জাতীয়তাবাদ বা দ্বিজাতি তত্ত্বের চিন্তাটি সে অর্থে নতুন কোনো আবিষ্কার না, এটি কেবলই পরিবর্তিত রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত মুসলিম ক্বওমের গভীরতম আকাক্সক্ষার পুনঃআবিষ্কার।’ (পৃ: ৯২)
বইয়ে মনোযোগ পাওয়া সময়কাল ধরলে কিছু বিষয়ে গরহাজিরা চোখে পড়ে। মুসলমানদের রাষ্ট্র বাসনার নানান বাঁক রয়েছে। যা এখানে অনেকটা সরল। এ ছাড়া কংগ্রেস ও কলকাতার অভিজাতদের অবস্থান নিয়ে নানা ধরনের গবেষণা হয়েছে হালে। যার মধ্যে জয়া চ্যাটার্জির গবেষণা বেশ আলোচিত। ততটুকুও নয়, বরং ‘মুসলিম স্ট্রাগল ফর ফ্রিডম ইন বেঙল’-এ এমন কোনো পক্ষের উপস্থিতি নেই- যারা বাংলা ভাগ চায়নি। এটা একটি অসম্পূর্ণতা বটেই। এ ছাড়া ‘আধুনিকতা’, ‘প্রগতিশীলতা’র মতো ধারণাগুলোর পর্যালোচনা নেই। বর্ণনা খুবই একরৈখিক।
বই থেকে খানিকটা পড়া যাক, ‘১৮৫৭-৫৮ সালের বিদ্রোহের পর, (তখনো বিক্ষিপ্তভাবে মুসলিম জনসাধারণের মাঝে জিহাদি আন্দোলনের ভাবনা ঘুরে ফিরছিল) একটি আলোকিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণি বাংলায় ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছিল, যারা বিদেশি শাসকদের সঙ্গে মুসলিম প্রজাদের সামঞ্জস্যবিধানের প্রয়োজনীয়তা অনুভব করতে সক্ষম হয়। পাশাপাশি তারা এটাও অনুধাবন করে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মুসলিম সমাজকে নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে প্রগতির পথ রচনা করতে জানতে হবে, যেই কাজটি হিন্দুরা অর্ধশতাব্দী আগেই করে ফেলেছে। এই নতুন অভিযাত্রার সঙ্গে বাংলার মুসলিমদের মাঝে আধুনিকতা জন্ম নেয়।’ (পৃ: ৩৫)
প্রকাশনার মান নিয়ে খানিকটা বলা যাক। অজস্র ভুল নিয়ে ছাপানো (বানানের পাশাপাশি সাল বিভ্রাট আছে) এই বইয়ের ‘অনুবাদের উদ্দেশ’ উহ্যই থেকে গেল। যদিও নামমাত্র ভূমিকায় বলা হয়েছে, ‘বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ড. খানকে খুবই প্রাসঙ্গিক হিসেবে পাবেন পাঠকেরা’। কী অর্থে প্রাসঙ্গিক ব্যাখ্যা করা হয়নি। বাংলাদেশে প্রচুর বই পুনঃপ্রকাশ ও অনুবাদ হয় বছর বছর। কিন্তু এর উদ্দেশ বেশির ভাগ ক্ষেত্রেই স্পষ্ট হয় না। হালের রাজনীতি ও ধর্মীয় চিন্তার পরিসরে হয়তো ‘মুসলিম স্ট্রাগল ফর ফ্রিডম ইন বেঙল’ প্রাসঙ্গিক। তা অনুবাদকরা নির্দিষ্ট করে বললে অনেক কিছু পরিষ্কার হওয়া যেত।
বই : মুসলিম স্ট্রাগল ফর ফ্রিডম ইন বেঙল, লেখক : ড. মুঈন উদ-দীন আহমদ খান, অনুবাদ : খালিদ ইবনে মুনীর ও মিনহাজ আমান, প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৯, প্রকাশক : বাংলা পাবলিশার্স, প্রচ্ছদ : মোহাম্মদ জুয়েল মিয়া, মূল্য : ২২০ টাকা
বই সমালোচক
সাংবাদিক ও গবেষক