নদীভাঙন ও সমন্বিত পরিকল্পনা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:১৯ পিএম

‘নদীর ধারে বাস তো ভাবনা বারো মাস’ এ রকম একটি কথা প্রচলিত আছে। আমার বাড়ি এ রকম জেলায় (চুয়াডাঙ্গা) না হওয়ায় বাস্তব অভিজ্ঞতা হয়নি। তবে চাকরির সুবাদে বিভিন্ন স্টেশনে পদায়ন এবং আমি ভ্রমণপিয়াসি হওয়ায় কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। প্রায় দুবছর লালমনিরহাটে থেকে দেখেছি তিস্তাপাড়ের মানুষের হাহাকার। আজ ‘আবাস’ আছে কাল তা ‘নেই’ হয়ে যায়। কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটসহ এ এলাকার মানুষের কাছে শুনেছি অনেকের করুণ পরিণতি। এ এলাকার গাইবান্ধার অবস্থা সবচেয়ে করুণ। বাংলাদেশে ছোট-বড় অসংখ্য নদী আছে। এর মধ্যে প্রধান নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র। এগুলোই সবচেয়ে বেশি ভাঙনের শিকার হচ্ছে। দেশের মধ্যে সবচেয়ে ভাঙনপ্রবণ নদী হচ্ছে যমুনা। এ ছাড়া তিস্তা, ধরলা, আত্রাই, কুশিয়ারা, খোয়াই, সুরমা, সাঙ্গু, গোমতী, মাতামুহুরী, মধুমতী,  বিষখালী ইত্যাদি নদী ভাঙনপ্রবণ। নদীভাঙন এ দেশের আর্থসামাজিক ব্যবস্থাকে যেকোনো দুর্যোগের চেয়ে বেশি মাত্রায় ধ্বংস করছে। নদীভাঙনকে অনেকে বলে থাকেন, ‘ঝষড়ি ধহফ ঝরষবহঃ শরষষবৎ-উরংধংঃবৎ’। কিন্তু এ নিয়ে  আলোচনা, লেখালেখি বা চিন্তাভাবনা খুবই কম হয়।

বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের এক হিসেবে দেখা গেছে, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার হচ্ছে প্রায় ১০ লাখ মানুষ। এদের আবার বেশির ভাগই পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে আশ্রয়হীন হয়ে শহর অভিমুখে ছুটছে। সত্তর ও আশির দশক থেকে এ দেশে নদীভাঙনের তীব্রতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্ষয়ক্ষতি। প্রতি বছর বাংলাদেশে গড়ে আট হাজার সাতশ হেক্টর জমি নদীতে বিলীন হয়। যার বেশির ভাগ কৃষিজমি। ক্ষতিগ্রস্ত অর্ধেক লোকরাই টাকার অভাবে ঘরবাড়ি তৈরি করা সম্ভব হয় না। তারা হয় গৃহহীন ও ছিন্নমূল। এরা সাধারণত বাঁধ, রাস্তা, পরিত্যক্ত রেলসড়ক, খাসচর, খাসজমিতে অবস্থান নেয়। অনেকেই আবার কাজের খোঁজে আসে শহরে। নদীভাঙনের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক ও পারিবারিক সংকট; বাড়ছে বেকারত্ব। উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ভূমিহীনদের ৫০ শতাংশই নদীভাঙনের শিকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নদীভাঙনের কারণে এক ব্যক্তির জীবনে গড়ে ২২ বার ঠিকানা বদল করতে হয়।

পলিমাটি গঠনের জন্য বাংলাদেশের নদীভাঙনের কারণ। বর্ষাকালে নদীর প্রবাহের বিস্তৃতি অনেক বেশি থাকে। বর্ষা শেষে নদীর স্রোত ও পরিধি অনেক কমে যায়। এতে দুকূলে ভাঙন হয়। অনেক স্থানে নদীর দুকূলে স্থাপনা থাকে। এতে নদীর গতিপথ বাধাপ্রাপ্ত হয়। অনেক ক্ষেত্রে নদীপাড়ে শক্তভাবে পাড় দেওয়া হয় না। নদীপথ শেষের দিকে স্রোতের বেগ কম থাকে। কিন্তু বর্ষাকালে নদীর দুকূল স্রোতের জলে নরম হয়ে যায়। পরে সেখানে ভাঙন সৃষ্টি হয়। অনেক সময় দুর্বল ব্যবস্থাপনার কারণে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় নদীশাসন বা সরকারি/বেসরকারি বরাদ্দ যথাযথ ব্যবহার হয় না। তাই নদীশাসন কাজে ফাঁকফোকর থেকেই যায়।   

নদীভাঙনের প্রভাব সুদূরপ্রসারী, যা সমাজ জীবনের ওপর  প্রভাব পড়ছে। এর ফলে গতকালের আমি আজ ফকির ও আশ্রয়হীন হয়ে যাচ্ছে। বাড়ছে বেকারত্ব ও দারিদ্র্য। ক্ষতিগ্রস্ত মানুষ অভাবের তাড়নায় কিংবা অন্যের চাপের মুখে অবশিষ্ট জমিজমা, গবাদি পশু এবং মূল্যবান সামগ্রী হাতছাড়া করে ফেলে। অনেক পরিবার অতিমাত্রায় ঋণগ্রস্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপত্তাহীন পরিস্থিতিতে পতিত হচ্ছে। খাবার পানি ও পয়ঃপরিচ্ছন্নতার তীব্র সংকট দেখা দেয়। নারীদের ব্যক্তিগত বা দৈহিক নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় এবং নারী নির্যাতন বৃদ্ধি পায়। বহুসংখ্যক লোক কর্মসংস্থান লাভের বা বেঁচে থাকার আশায় এলাকা ত্যাগ করে শহর বা অন্য কোনো স্থানে অস্থায়ী বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে চলে যায়। অনেকে বস্তিতে বসবাস করছে। বৃদ্ধ, নারী ও শিশুদের মধ্যে ভিক্ষাবৃত্তির আশ্রয় নিচ্ছে। অনেক স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। অনেকের বাস্তুচ্যুত হওয়ার কারণে পড়াশোনার বিঘœ হয় বা অনেকের পড়াশোনা বন্ধ হয়ে যায়। শত শত বা হাজার হাজার মানুষ বাঁধ বা শহরের বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুরা বাঁধ বা বস্তির জীবনে প্রতিকূল পরিবেশের মধ্যে নিক্ষিপ্ত হয়। দারিদ্র্য ব্যাপকভাবে পুষ্টিহীনতার প্রসার ঘটায়। শিশুশ্রম ও শিশু-নির্যাতন বৃদ্ধি পায়। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজনের সামাজিক অবস্থানের চরম অবনতি ঘটে। বিবাহবিচ্ছেদ, স্বামী বা স্ত্রী কর্তৃক পরিবার পরিজন ত্যাগ, বহুবিবাহ ইত্যাদি নেতিবাচক ঘটনা বৃদ্ধি পায়। পরিবারের সদস্যদের মধ্যে পার¯পরিক স¤পর্ক ও সহমর্মিতা শিথিল হয়ে পড়ে। নদীতে ভেঙে যাওয়া জমি জেগে উঠলে তা দখলের জন্য প্রতিযোগিতা শুরু হয় কোন্দল-মামলা বাড়ে। অনেক ক্ষেত্রে রক্তপাত হয়। সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে অনেকে।

বাংলাদেশের মোট আয়তনের শতকরা প্রায় ৮০ ভাগই প্রধান তিনটি নদ-নদী অববাহিকার অন্তর্ভুক্ত। প্রধান তিন নদী পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা ছাড়াও নদীবিধৌত বাংলাদেশের ছোট-বড় নদ-নদীর সংখ্যা প্রায় ৩০০টি। এসব নদ-নদীর তটরেখা যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় ২৪ হাজার ১৪ কিলোমিটার। এরই মধ্যে কমপক্ষে প্রায় ১২ হাজার কিলোমিটার তটরেখা নদী ভাঙনপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। তাই এ দেশের নদীভাঙন একটি অতিপ্রাচীন ও ভয়াবহ সমস্যা। পুরো বর্ষাকালেই চলতে থাকে ভাঙনের তা-বলীলা। বর্ষা শেষে ভাঙনের প্রকোপ কিছুটা কমলেও বছরজুড়ে তা কমবেশি মাত্রায় চলতে থাকে। এসব এলাকায় সরকারের নজর আছে। তবে আরও বরাদ্দ বেশি দেওয়া যেতে পারে। বিদেশি অনেক সাহায্য সংস্থা অপরিকল্পিতভাবে ছড়িয়ে-ছিটিয়ে প্রকল্প বাস্তবায়ন করে থাকে। দেশি অনেক সংস্থাও এ রকম করে থাকে। সরকারের সরাসরি নিয়ন্ত্রিত অবস্থায় সমন্বিত বা মাস্টারপ্ল্যানের মাধ্যমে নদীভাঙন ও পরবর্তী ব্যবস্থাপনা করলে ভালো ফলাফল পাওয়া যাবে। এতে সুষ্ঠু-বণ্টন হতে সহায়তা করবে। নদীতে চর জেগে উঠলে ভাঙনের শিকার/ক্ষতিগ্রস্তদের মধ্যে সুষম বণ্টন করা দরকার। এ ব্যাপারে প্রশাসন কঠোরতা অবলম্বন করতে পারে। ছোট আকারের  নদীগুলোর ভাঙন ঠেকাতে কর্তৃপক্ষ কিছুটা সক্ষম হলেও, প্রাকৃতিক কারণের পাশাপাশি বরাদ্দের অভাবে বড় নদীর ক্ষেত্রে উদ্যোগগুলো তেমন সফল হচ্ছে না। এ ব্যাপারে আমরা সমন্বিত পরিকল্পনা করে স্বল্প বরাদ্দ সর্বোচ্চ ব্যবহার করতে পারি। দু-একটা বাস্তবায়ন করে পর্যায়ক্রমে বড় প্রকল্প গ্রহণ করে এগিয়ে যেতে পারি।

লেখক : কবি ও প্রাবন্ধিক

ই-মেইল : [email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত