ওটিটি প্ল্যাটফর্মে রোহিত-বানশালি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১২:১০ এএম

ভারতে ওয়েব সিরিজের ট্রেন্ড শুরু হয়েছিল আগেই। করোনায় ঘরবন্দি থাকায় মানুষ ওটিটিতেই মজেছে। তাই ওয়েবের দুনিয়া আরও বিস্তার লাভ করেছে। গত বছর যে হিন্দি সিরিজগুলো দর্শকের নজর কেড়েছে, তার পরিচালকরা কেউই প্রথম সারির নন। সে ‘আরিয়া’র পরিচালক ‘নীরজা’খ্যাত রাম মাধবানি হন বা ‘পাতাললোক’-এর নির্দেশক প্রসিত রায় এবং অবিনাশ অরুণ ধাওয়ারেই। ব্যতিক্রমও রয়েছে। ‘স্ক্যাম ১৯৯২ : দ্য হর্ষদ মেহতা স্টোরি’ সিরিজ দিয়ে আবারও নিজের জাত চিনিয়েছেন পরিচালক হনসল মেহতা। ‘আলিগড়’, ‘শাহিদ’ ছবির পরিচালকের ছবির নিজস্ব দর্শক থাকলেও, সিরিজ তার পরিচিতি আরও বাড়িয়েছে। হিন্দি শোবিজ ইন্ডাস্ট্রিতে ওটিটির জমি এখন এতটাই শক্ত যে, মূলধারার ডাকসাইটে পরিচালকরাও এর হাতছানি উপেক্ষা করতে পারছেন না। প্রথমেই আসেন কবীর খান। তার ‘দ্য ফরগটেন আর্মি’ সিরিজ এসেছিল গত বছর জানুয়ারি মাসে। আগামী সপ্তাহে মুক্তি পাবে আলি আব্বাস জাফরের ‘তাণ্ডব’। এবার শোনা যাচ্ছে রোহিত শেঠি ও সঞ্জয়লীলা বানশালি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ করবেন। দুই পরিচালকই তাদের লার্জার-দ্যান-লাইফ ছবির জন্য পরিচিত। সঞ্জয়ের ক্যানভাসে থাকে পিরিয়ড ফ্রেমের আড়ম্বর, চোখধাঁধানো গাড়ির অ্যাকশনে নজর থাকে রোহিতের। তাই এই দুই পরিচালকের ওটিটিতে কাজ করা ইন্ডাস্ট্রির জন্য তাৎপর্যপূর্ণ। সঞ্জয়ের সিরিজটি পিরিয়ড ড্রামা বলে শোনা যাচ্ছে। মুখ্য নারীচরিত্রে দেখা যেতে পারে রিচা চড্ডাকে। তবে ওটিটির খবরদারি এড়াতে এখনই কোনো সংস্থার কাছে সিরিজের স্বত্ব বিক্রি করেননি সঞ্জয়। কাজ শেষ হলেই তিনি ঠিক করবেন কোন প্ল্যাটফর্মে মুক্তি দেবেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত