দেশের ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে সফল ‘ইত্যাদি’। কয়েক দশক ধরে ‘ইত্যাদি’ তার জনপ্রিয়তা অব্যাহত রেখেছে। দেশকে জানতে এবং জানাতে প্রতিনিয়ত ‘ইত্যাদি’ যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। কখনো প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে, কখনো ইতিহাস-ঐতিহ্য, কখনোবা শেকড়ের সন্ধানে। এসব গুরুত্বপূর্ণ স্থানে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে আমাদের চির গৌরবের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুরে। মঞ্চ নির্মাণ করা হয়েছে কবির ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত দরিরামপুর স্কুলে তারই শ্রেণিকক্ষের সামনে। জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে এবং তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদযাপন উপলক্ষে কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালের এই স্থানকে বেছে নেওয়া হয়। ধারণ করা হয় ১৭ জুলাই। দর্শকদের বাঁধভাঙা জোয়ারে পুরো মাঠই ছিল দর্শকপূর্ণ। শুধু তা-ই নয়, বেশ কটি ভবনের ছাদ, আশপাশের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানের ছাদ, গাছপালা সবকিছুতেই ছিল দর্শক পরিপূর্ণ। স্থানীয়রা জানান, ইতিপূর্বে ত্রিশালে কখনো কোনো অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি। প্রচন্ড দাবদাহ সত্ত্বেও দর্শকরা ছিলেন স্বতঃস্ফূর্ত। ইত্যাদির ধারণ উপলক্ষে সেদিন বর্ণিল আলো এবং জাতীয় কবির বিভিন্ন অমর কবিতা ও তার প্রতিকৃতি দিয়ে সাজানো দৃষ্টিনন্দন মঞ্চে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে। এবারের অনুষ্ঠানে একটি শ্রোতাপ্রিয় নজরুলসংগীত গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াঙ্কা গোপ। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দুটি কবিতার সমন্বয়ে স্থানীয় নৃত্যশিল্পীদের একটি নাচ। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। শেকড় সন্ধানী ইত্যাদিতে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তুলে ধরা হয়। পাশাপাশি প্রায় তিন দশকের বেশি সময় ধরে ইত্যাদি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে নজরুলের ত্রিশাল-অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণী। রয়েছে চাল নিয়ে অসাধু ব্যবসায়ীদের চালবাজির চালচিত্র। পিএইচডি ডিগ্রিধারী একজন উচ্চশিক্ষিত ব্যক্তির বিশাল কৃষি কর্মকান্ডের ওপর রয়েছে একটি প্রতিবেদন। ৮ বছর ধরে ময়মনসিংহে বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন এই কৃষি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক প্রিন্স। রয়েছে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আবদুল মালেকের ওপর একটি হৃদয়ছোঁয়া মানবিক প্রতিবেদন। যিনি পথশিশুদের বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি, দেশের বিভিন্ন স্থান থেকে অসুস্থ, মানসিক ভারসাম্যহীন ও চলাচলে অক্ষম বৃদ্ধ-বৃদ্ধাদের তুলে এনে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের পরিপূর্ণ চিকিৎসা ও সেবার দায়িত্ব নেন। ইত্যাদিতেই প্রথম শুরু হয় বিদেশি প্রতিবেদন শিরোনামে বিশ্বের বিস্ময়কর বিষয় ও স্থানের ওপর প্রতিবেদন। এরই ধারাবাহিকতায় এবারের পর্বে রয়েছে গ্রিসের অ্যাক্রোপোলিসের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্ব সাজানো হয়েছে কিছু নজরুলসংগীত ও লোকসংগীত নিয়ে। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বিরল বাদ্যযন্ত্র সংগ্রাহক ময়মনসিংহের সন্তান রেজাউল করিম আসলামকে।
নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষè নাট্যাংশ। অর্থ ও অনর্থ এবং কতিপয় ব্যক্তির আলোচনা, মুখের কথা-মনের কথা, লোকাল বাসে একদিন, ফ্ল্যাট সংস্কৃতির বিপত্তি, সুপথে থাকার শপথ, পাত্র নির্বাচনে মিডিয়ার প্রভাব, প্রযুক্তির আসক্তি কাটাতে নেটওয়ার্কের বাইরেসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। এবারের ইত্যাদিতে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামীকাল রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।