ভুয়া চিকিৎসক সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অ্যাপ্রোন পরা কণা আক্তার শান্তা নামের এক তরুণীকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢামেকে হাসপাতলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান আটকের বিষয় নিশ্চিত করেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৩টার দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।
আটক কণা আক্তার (২২) পটুয়াখালীর বাউফল থানার বটতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।
পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ভোরের দিকে আনসার সদস্যরা ওই তরুণীকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হাসপাতলের দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, বুধবার রাত ৩টার দিকে নিয়মিত টহলের সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরা একজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন আনসার সদস্যরা। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং বিষয়টি সেখানে কর্মরত চিকিৎসকদের জানান। চিকিৎসকরাও তাকে চিনতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল পরিচালক ও উপপরিচালকের পরামর্শে তাকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
২৪ ঘণ্টায় ঢাকায় আ.লীগের ৪৯ জনসহ গ্রেপ্তার ৪৯৯