গুঞ্জন পাত্তা দিচ্ছেন না মিথিলা

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:১৭ এএম

জনপ্রিয় তারকা হওয়ার বিড়ম্বনা তো কম নয়। সবেতেই অতিরিক্ত আগ্রহ সবার। আর তা যদি হয় তারকা দম্পতির বেলায়, তা হলে তো কোনো কথাই নেই। জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আর নির্মাতা সৃজিত মুখার্জি গাঁটছড়া বাঁধার পর থেকেই তারা নানা গুঞ্জনের মধ্য দিয়ে গেছেন। সেগুলোর কোনোটিই অবশ্য সত্যি হয়নি, এতদিন তো অটুট ছিল বন্ধন। তবে নতুন করে আবার গুঞ্জন বেশ ডালপালা মেলেছে। কদিন ধরেই শোবিজ পাড়ায় গুঞ্জন, সৃজিত-মিথিলার ছন্দপতন হয়েছে। একসঙ্গে আর নেই তারা! বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। সেগুলো চোখে পড়েছে অভিনেত্রী মিথিলারও। বিষয়টি নিয়ে তার কাছে জানতে জাইলে আপাতত শুধু এটুকুই বললেন, ‘এসব পাত্তা দেওয়ার দরকার নেই।’ তার মানে গুঞ্জনে কিচ্ছু যায় আসে না এই তারকার। তিনি এটা নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছেন না। নিজের মতো করেই ছুটি উপভোগ করছেন কন্যা আয়রাকে নিয়ে।

তবে কোনো গুঞ্জন উঠলে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে বৈকি! এই যেমন সৃজিত মুখার্জি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

এটি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন। কিন্তু এই গানটি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে পোস্ট করেছেন একটি ছবিও। সেখানে দেখা যায় সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন সৃজিত।

কিন্তু এমন বিচ্ছেদের গান হঠাৎ করে কেন পোস্ট করলেন সৃজিত? এ নিয়ে তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। জল্পনাটা আরও প্রকট হয়, যখন শনিবার প্রায় একই সময়ে অভিনেত্রী মিথিলা নিজের ছবিসহ আরেকটি পোস্ট দেন। যাতে মিথিলা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?’ সৃজিত-মিথিলা দম্পতির পোস্টগুলো ঘিরে এখন জল্পনা তুঙ্গে। এই দুজনের ভক্তরা বসছেন এর সমীকরণ মেলাতে। এর মধ্যে আবার কিছুদিন আগে শোনা গিয়েছিল টলিউডের এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। তবে এ কথা অস্বীকার করেছেন পরিচালক নিজেই। মিথিলাও এসব বিষয়ে কিছুই বলেননি। তাই তো সৃজিত-মিথিলা দম্পতির পোস্টের আসল রহস্য জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।

এদিকে মেয়েকে নিয়ে বর্তমানে ব্যাংককে ঘুরছেন মিথিলা। শুক্রবারই মেয়ে আয়রার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এই ভ্রমণে মিথিলার সঙ্গে দেখা মেলেনি সৃজিতের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত