এক নাটকের গানে তারা

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০১:২৮ এএম

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে মহিদুল মহিমের পরিচালনায় খ- নাটক ‘ভালোবাসার তিন দিন’। নাটকটির ক্ষেত্রে স্পেশাল বিষয় হলো- এ নাটকে আভরাল সাহিরের সুর ও সংগীতায়োজনে তিনটি গান গেয়েছেন সময়ের জনপ্রিয় তিন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, সোমনূর মনির কোনাল ও সাবরিনা পড়শী। নাটকটিতে অভিনয়ও করেছেন পড়শী। তার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। বিষয়টি নিয়ে আভরাল বলেন, ‘আমার প্রিয় কো-আর্টিস্টদের একসঙ্গে যখন একই নাটকের গানে পেলাম তখন যে আনন্দ হয়েছে তা সীমাহীন। ধন্যবাদ দিয়ে কখনো তাদের ছোট করব না, তাদের জন্য ভালোবাসা অবিরাম। প্রতীক্ষার অবসানের পর রিলিজ পেল আমার ক্যারিয়ারের অন্যতম প্রিয় এই কাজটি। যখন এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ডিজাইন করছিলাম, একবারও মনে হয়নি যে কোনো নাটকের জন্য মিউজিক করছিলাম। এত চমৎকার দৃশ্যায়ন যে, দেখে মনে হচ্ছিল একটা ফিল্ম দেখছি। এই নাটকটি আমার মিউজিক ক্যারিয়ারে আরও বেশি স্পেশাল হয়ে থাকার কারণ হলো, এই নাটকে প্রথমবারের মতো আমি আমার সবচেয়ে প্রিয় কনা আপু, কোনাল আপু এবং পড়শী এই তিনজন কো-আর্টিস্টকে একসঙ্গে পেয়েছি, এটা আমার জন্য এক বিশেষ প্রাপ্তি। নাটকটিতে থাকছে চারটি গান। আমার জানামতে বাংলাদেশের নাটকের প্রেক্ষাপটে এটিই প্রথম একটি নাটক যেখানে ফিল্মের মতো এতগুলো মৌলিক গান আছে।’

এ নাটকের ‘আমার হয়ে থাক না’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পড়শী আর আভরাল। ‘প্রেমে পড়ার কারণ’ গানটি কনার সঙ্গে গেয়েছেন আভরাল। আর তিনি কোনালের সঙ্গে গেয়েছেন ‘ভালোবাসা পাইনি’। আর ‘মেহেদি দু হাতে’ গানটি তার একক কণ্ঠে। এরমধ্যে দুটি গানের কথাও লিখেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত