রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণে তিনজনের প্রাণহানির রেশ না কাটতেই পুরান ঢাকার সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় স্তম্ভিত মানুষ। বিস্ফোরণের ঘটনাটি নাশকতা, নাকি দুর্ঘটনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্ফোরণের মাত্রা এত ব্যাপক ছিল যে, পাশের দুটি ভবনের কয়েকটি তলাও বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের মতো অবস্থা হয়েছে গোটা এলাকার। পথচারীসহ ২১ জন মারা গেছেন, আহত হয়েছেন দুই শতাধিক যাদের অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর নিখোঁজ আছেন একজন। হতাহতরা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এবং দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ভবনের বেজমেন্টে জমে থাকা মিথেন গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। তবে র্যাব বলছে, এটা স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। রহস্যময় এ বিস্ফোরণ নিয়ে আতঙ্কে আছেন স্থানীয় লোকজন।
গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের ক্যাফে কুইন মার্কেট নামে একটি সাততলা ভবনে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনটির বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া পাশের আরও দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আটকা পড়েন ভবনটির ধ্বংসস্তূপের নিচে। বিস্ফোরণের ২৪ ঘণ্টা পরও গতকাল বুধবার বিকেলে উদ্ধার হয়েছে দুজনের রক্তাক্ত মরদেহ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে কুইন টাওয়ার ভবনে বিস্ফোরণ হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ১৯ জনের মরদেহ এবং ৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। তবে হাসপাতাল সূত্রে ২০ জনের মরদেহ পাওয়ার তথ্য জানা গেছে। এ ছাড়া গত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও একজন।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের ধারণা সাততলা ভবনের বেজমেন্টে মূল বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ক্লু খোঁজা হচ্ছে। আমরা অনুমান করছি, মিথেন গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলমান আছে।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ভবনের বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটা স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা এসি থেকে ঘটেনি এটা নিশ্চিত হয়েছি।’ আর সেনাবাহিনী বলেছে, ভবনে বিস্ফোরকদ্রব্যের কোনো আলামত মেলেনি।
উল্লেখ্য, সায়েন্স ল্যাবের ঘটনায় গ্যাসজনিত বিস্ফোরণের কথা বলা হলেও সেটা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ভবনটির সামনের সড়কে ছিল তীব্র যানজট। সে অবস্থায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের ইট, পাথর, কাচসহ বিভিন্ন মালামাল উড়ে এসে পড়ে সড়কে। সেগুলোর আঘাতে অনেকে ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণের সময় কয়েকশ লোক আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পথচারীদের কারও পা, কারও হাত, কারও চোখমুখ আবার কারও মাথায় গুরুতর জখম হয়। বিস্ফোরণে ভবনের চুরমার কাচের টুকরো উড়ে এসে বিদ্ধ হলে অনেকেই গুরুতর জখম হন। ভবনটির সামনের সড়কের বিপরীত পাশে ফুটপাতের টং দোকানি মো. ফয়েজ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। আমি সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ি। এরপরই চারপাশে ধুলায় অন্ধকার হয়ে যায়। বৃষ্টির মতো ইটের গুঁড়া ও ভাঙা কাচের টুকরো উড়ে এসে পড়তে থাকে। কিছুক্ষণ পর দেখতে পাই রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে আছে কয়েকশ মানুষ। যাদের অনেকে মারা গেছেন বলে মনে হয়েছে।’
পাশের কাদের ম্যানশন নামের ভবন-মালিক শফিউদ্দিন ভূঁইয়া বলেন, ‘আসরের নামাজের সময় বিস্ফোরণ হয়। ওই সময় আমি বাসায় ছিলাম। বিকট শব্দ শুনতে পাই, পুরো বাসা কেঁপে ওঠে। বাইরে এসে দেখি রাস্তায় রক্তে ভেসে গেছে, মানুষ লাল হয়ে আছে। একশর বেশি লোককে শুধু রিকশায় করে হাসপাতালে নিয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ২০-২৫টি অ্যাম্বুলেন্সে করে সবাইকে নিয়ে গেছে।’
স্থানীয় জুনায়েদ আহমেদ নামে এক ব্যক্তি দেশ রূপান্তরকে বলেন, ‘ভবনের পাশে গাড়িতে যারা ছিল সবাই যেন ঝলসে গিয়েছিল। রিকশায় থাকা এক লোক কাতরাচ্ছিল। যে যেভাবে পারে তাদের হাসপাতালে নিয়ে যায়।’
বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ক্যাফে কুইন ভবনটির সামনের সড়কটিতে দুমড়েমুচড়ে পড়ে আছে বাস, মোটরসাইকেল, ভ্যানগাড়ি। বিস্ফোরণ ঘটনায় ভবন ও এর দুই পাশের আরও দুটি ভবনের দেয়াল, জানালা ও কলাপসিবল গেট ভেঙে ছিন্নভিন্ন হয়ে সড়কের ওপর পড়ে আছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দোকানগুলো। ভিড় করে উৎসুক জনতা, এ সময় উদ্ধারকাজ চালাতে গিয়ে তাদের সামলাতেই হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে একে একে চলে আসে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা আটকেপড়াদের একেক করে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাজ করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তদারকি করতে দেখা গেছে। সেখানে স্বজনের খোঁজে ভিড় করেন অনেকেই। প্রায় তিন ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর হঠাৎ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, ভবনটির কলাম ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় দুর্ঘটনার আশঙ্কায় উদ্ধারকাজ স্থগিত করা হচ্ছে। পরে রাত সাড়ে ৯টার দিকে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজে বিরতি দেয় ফায়ার সার্ভিস। তখন পর্যন্ত ভবনের বেজমেন্টে প্রবেশ করেনি তারা। গতকালও দিনভর চলেছে উদ্ধার অভিযান। ভবনের ভেঙে পড়া ইট-পাথরের নিচ থেকে গতকাল বিকেলেও দুটি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ডগ স্কোয়াডও ব্যবহার করা হয় তল্লাশিতে। বেজমেন্টে লোকজন আটকেপড়া থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল রাত সাড়ে ১০টায় অভিযান অভিযান স্থগিত করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিনমনি শর্মা। তিনি জানান, মেহেদি হাসান স্বপন নামে একজন নিখোঁজ বলে তার স্বজনরা দাবি করেছেন। তাকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। গতকাল পুরোদমে অভিযান চালানো হয়েছে।
বিস্ফোরণ হওয়া সাততলা ভবনটি বাণিজ্যিক ও আবাসিক কাজে ব্যবহৃত হয় বলে জানা গেছে। ভবনের বেজমেন্ট থেকে তিনতলা পর্যন্ত স্যানিটারির পণ্যের দোকান ও গুদাম, বাকিটা আবাসিক। ক্ষতিগ্রস্ত পাশের দুটি বহুতল ভবনও বাণিজ্যিক এবং আবাসিক হিসেবে ব্যবহার হচ্ছে। ওই দুটি ভবনের একটিতে থাকা ব্র্যাক ব্যাংকের কার্যালয়ের সব গ্লাস ভেঙে পড়েছে, অন্যটির দোতলা পর্যন্ত থাকা দোকানের বেশিরভাগ ধ্বংস হয়েছে। আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সামনের আরও কিছু ভবনের জানালার কাচ ভেঙে গেছে। বিস্ফোরণের সময় আস্ত ইট উড়ে গিয়ে ওইসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পরপরই ওই এলাকার বিদ্যুৎ ও গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হয়। গতকাল রাত পৌনে ৯টা পর্যন্ত সংযোগ দেওয়া হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। গতকাল ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
২০ জন নিহত : বিস্ফোরণে গতকাল পর্যন্ত ২০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। তারা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার তিথিরচড় গ্রামের সুমন, বরিশাল সদর উপজেলার কাজিরহাট গ্রামের ইসহাক মৃধা, রাজধানীর যাত্রাবাড়ীর শেখদি এলাকার মনসুর হোসেন, বংশাল আলুবাজার এলাকার মো. ইসমাইল হোসেন, চাঁদপুরের মতলব উপজেলার পশ্চিম লালপুর গ্রামের আল-আমিন, ঢাকার কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকার রাহাত, চকবাজারের ইসলামবাগের মমিনুল ইসলাম ও তার স্ত্রী নদী বেগম, মুন্সীগঞ্জ সদরের সৈয়দপুর গ্রামের মাঈন উদ্দিন, বংশাল কেপি ঘোষ স্ট্রিটের নাজমুল হোসেন, মানিকগঞ্জ সদরের বেউথা গ্রামের ওবায়দুল হাসান বাবুল, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দির আবু জাফর সিদ্দিক, বংশাল আগামসিহ লেনের আকুতি বেগম, শরীয়তপুরের নড়িয়ার কাঠাকুলী গ্রামের ইদ্রিস মীর, রাজধানীর মাতুয়াইল এলাকার নুরুল ইসলাম ভূঁইয়া, কিশোরগঞ্জের করিমগঞ্জের উলুকাঠা গ্রামের হৃদয়, কেরানীগঞ্জের কালীগঞ্জের আবদুল হাকিম সিয়াম, বংশালের নর্থ সাউথ রোডের বাসিন্দা মমিন উদ্দিন সুমন ও মমিনের দোকানের কর্মচারী রবিন হোসেন। নিহতরা দোকান কর্মচারী, সিরামিক পণ্যের ক্রেতা ও পথচারী বলে জানা গেছে।
মধ্যরাতে লাশ হস্তান্তর : ঘটনার পর হতাহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২০০ জনকে চিকিৎসা দিয়েছে তারা।
হাসপাতালের টিকিট কাউন্টার থেকে মো. সুমন জানান, রাত পৌনে ১২টা পর্যন্ত ১৭২ জন টিকিট নিয়ে চিকিৎসা নেন এবং ১৮ জনকে ভর্তি করা হয়।
হাসপাতালে স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদায়ক পরিস্থিতির অবতারণা হয়। মধ্যরাতে ১৬ জনের লাশ হস্তান্তর করা হয়।
ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ জানান, মর্গে থাকা ১৬টি লাশ কোনো প্রকার ঝামেলা ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তাদের দাফনের জন্য স্বজনদের কাছে ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে।
ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম জানান, গতকাল উদ্ধার হওয়া দুটি মরদেহও হস্তান্তর করা হয়। এর মাঝে গতকাল আইনি প্রক্রিয়া ছাড়াই স্বজনরা নিয়ে গেছেন সুমনের মরদেহ। পরে লোকজন এসে তার নাম-পরিচয় লিপিবদ্ধ করে গেছেন। সব মিলিয়ে ১৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে মঙ্গলবার রাতে স্বজনরা আইনি প্রক্রিয়া ছাড়া লাশ নিয়ে যাওয়া সম্রাটের বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
আহত একজনের মৃত্যু : বিস্ফোরণের ঘটনায় ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলেন হাসান, ইয়াসিন, মুসা হায়দার, খলিল, আজম, ওলি শিকদার, বাবলু, আলআমিন, বাচ্চু মিয়া, জাহান ও মোস্তফা। মোস্তফাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া দুজনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাতে বার্ন ইনস্টিটিউটের হাই-ডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মুসা মারা গেছেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, মুসার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ২০ জন। এর মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, বিস্ফোরণের ঘটনায় অনেকেই চিকিৎসা নিয়েছেন। আহতদের মাথায় আঘাতসহ মাল্টিপল ইনজুরি রয়েছে। অনেকের শরীরের হাড়গোড় ভেঙে গেছে।
তদন্ত কমিটি ও মামলা : বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে।
বিস্ফোরণের ঘটনায় বংশাল থানায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। এর আগের দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। গতকাল রাতে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজউক, ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি তদন্ত করছে। তারা যদি এমন কোনো কিছু পায়, যাতে মনে হয় নাশকতা বা বিস্ফোরক তাহলে অন্য মামলা হবে। আপাতত অপমৃত্যুর মামলার আলোকে পুলিশ ঘটনার তদন্ত করবে।
যা বললেন সংশ্লিষ্টরা : ঘটনাস্থল পরিদর্শন শেষে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে তারা সিদ্ধান্ত দিতে পারবেন, কেন বিস্ফোরণ হয়েছে।
গত মঙ্গলবার বিস্ফোরণের পরপরই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থলে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের যারা এক্সপার্ট আছেন, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেছেন এটা কোনো নাশকতামূলক ঘটনা নয়। অনেক সময় নানা কারণে বিস্ফোরণ হয়, কখনো মিথেন গ্যাস, কখনো এসির গ্যাস। এটা গ্যাসজনিত কোনো বিস্ফোরণ হতে পারে। এরপরও তদন্ত করা হবে এটা নাশকতা নাকি দুর্ঘটনা।’
একইদিন রাত ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিমের লিডার মেজর মো. কায়সার বারী সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে বিস্ফোরণটি ভবনের বেজমেন্টে হয়েছে। বিস্ফোরণের ক্ষয়ক্ষতি দেখে আমাদের মনে হয়েছে, এতে কোনো বিস্ফোরক ব্যবহৃত হয়নি।’
