‘এই রকম কপাল আমার, একসঙ্গেই দুজনের লাশ নিয়ে যাচ্ছি বাসায়। ওদের দুইটা সন্তান। ওদের সামনে কী করে যাব? ওদের কী করে বুঝ দেব?’ গত মঙ্গলবার গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় নিহত দম্পতির লাশ বুঝে পেয়ে এ কথা বলে হাউমাউ করে কেঁদে ওঠেন তাদের চাচা জয়নাল আবেদিন। তার এমন বুকফাটা কান্নার বেদনার্ত সুরে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।
খানিক পর চাচা জয়নালের কান্নার আওয়াজও যেন ফুরিয়ে আসছিল। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। একটু শান্ত হয়ে আসার পর তিনি জানান, মমিনুল ইসলাম ও স্ত্রী নদী বেগম দম্পতি চকবাজার ইসলামবাগে নিজেদের বাড়িতে থাকতেন। ক্যামেরাসহ কিছু ইলেকট্রনিকস পণ্য বিক্রি করতেন মমিনুল। গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে। বাড়ির জন্য স্যানিটারি পণ্য কিনতে সিদ্দিকবাজার গিয়েছিলেন বিকেলে। সেখানে ফুপাতো ভাইয়ের দোকানে নিজের মোটরসাইকেল রেখে স্ত্রীকে নিয়ে পণ্যগুলো কিনতে যান। তখনই বিস্ফোরণে প্রাণ হারান। জয়নালের মতো কেউ বুঝে নেন ভাই, বোন, কেউবা মায়ের মরদেহ। স্বজনের নিথর দেহটি বুঝে পেয়ে হাসপাতাল ছাড়েন তারা। পঞ্চাশোর্ধ্ব দুলাল মিয়া ছেলে আবদুল হাকিম সিয়ামের লাশ বুঝে নেন মঙ্গলবার মধ্যরাতে। বাবার কাঁধে ছেলের লাশ। এ যেন পৃথিবীসমান বেদনাময় দৃশ্য। তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজার এলাকায়। দু-তিন বছর ধরে সিদ্দিকবাজারে জয়নাল স্টোর নামে স্যানিটারি দোকানে চাকরি করছে সিয়াম। বাবা সিদ্দিকবাজার রোডে এইচআর পলিমার নামে একটি দোকানে কাজ করেন।
দুলাল মিয়া জানান, সেদিন বিকেলে রিকশাচালক তাকে বলেন বিস্ফোরণের কথা। তখন ছেলের কথা মাথায় আসতেই তার দোকানে যান তিনি। জানতে পারেন নিজের দোকান থেকে মাল আনতে আরেকটি দোকানে যাওয়ার সময় বিস্ফোরণে আহত হয় সিয়াম। পরে চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
স্বজন হারানোর বেদনার্ত মুহূর্তে মরদেহ বুঝে পাওয়ার অব্যবস্থাপনা মানতে পারছিলেন না অনেক স্বজন। সম্রাট ও সুমন নামে দুজনের লাশ স্বজনরা মর্গ থেকে ছিনিয়ে নিয়ে যান। কিন্তু যারা স্বজনের লাশও পাননি তাদের কষ্ট দেখার যেন কেউ ছিল না। গতকাল বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত ভবনের দিকে যাচ্ছিলেন কামাল হোসেন। পুলিশ তাকে সামনে যেতে নিষেধ করলে তিনি খুব অসহায়ত্ব প্রকাশ করে বলতে থাকেন, ‘আমার স্বপন ভাই ভেতরে আটকে আছেন, তাকে বের করে নিয়ে আসুন।’
কামাল জানান, বাংলাদেশ স্যানিটারি নামে টাইলসের দোকানে ম্যানেজার ছিলেন স্বপন। দোকানটি ভবনের বেজমেন্টে ছিল। তার সঙ্গে আর চার কর্মচারী কাজ করতেন, তাদের একজনকে হাসপাতালে পাওয়া গেছে। তবে বাকিদের সন্ধান মেলেনি। তারা ভেতরেই জীবিত অথবা মৃত অবস্থায় আছেন।
গতকাল ঢাকা মহানগর পুলিশের ডগ স্কোয়াডের একটি দল পাশের ভবন দিয়ে প্রবেশ করে। তারা সেখান থেকে ভেতরে মরদেহ থাকার আলামত পান। এরপর ফায়ার সার্ভিস ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে। কিন্তু কামালের ভাই স্বপনের সন্ধান মেলেনি। তিনি বলেন, ‘আমি এই এলাকার সব হাসপাতালে খোঁজ নিয়েছি, সবখানে খুঁজেছি; কিন্তু কোথাও খুঁজে পাইনি।’
সেদিন ভাড়ার অপেক্ষায় ছিলেন খলিল শিকদার ও অলি শিকদার নামে ভ্যানচালক দুই ভাই। বিস্ফোরণে তাদের শরীরের অনেকটা পুড়ে গেছে। বড় ভাই অলির অবস্থা বেশি গুরুতর। চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো শরীর পুড়েছে। খবর পেয়ে খলিলের স্ত্রী কোহিনুর বেগম সন্তানদের নিয়ে মাদারীপুর থেকে বার্ন ইনস্টিটিউটে এসেছেন। স্বামীর আয়েই সংসার চলে। তিন মেয়ে ও দুই ছেলে তাদের। স্বামীর চিকিৎসা, সংসার সব মিলিয়ে কোহিনুরের দিশেহারা অবস্থা।
বেঁচে ফেরাদের মুখে ঘটনার বর্ণনা : ‘বিকট শব্দে পাশের দেয়াল ভেঙে গায়ের ওপর যখন পড়ল, একই সময় গরম হাওয়া চোখ-মুখ ঝলসে দিল। ভেবেছিলাম মারা যাচ্ছি। কিছু সময় পর হামাগুড়ি দিয়ে পেছনের গেট দিয়ে দোকান থেকে কোনোমতে বের হয়ে জ্ঞান হারিয়ে ফেলি’ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসার বর্ণনা দেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মী সাইফুল ইসলাম (২৫)। মাথা, মুখ ও পিঠে গুরুতর জখম নিয়ে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর শয্যায় কাতরাতে দেখা যায় সাইফুলকে। তার পাশে বসা স্ত্রী সোনিয়া আক্তার।
গতকাল দুপুরে এ প্রতিবেদককে সাইফুল বলেন, ‘বিকট শব্দের পর সব অন্ধকার হয়ে যায়। আমরা চারজন কর্মী ছিলাম আর অনেক কাস্টমার আমাদের দোকানে ছিল।’ সোনিয়া জানান, শরীরে ৪০টির বেশি সেলাই লেগেছে সাইফুলের।
হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ১০২ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন খলিলুর রহমান (৩০)। সবজির বীজ বিক্রির একটি প্রতিষ্ঠানের শ্রমিক তিনি। ঘটনার সময় কার্টনভর্তি মাল মাথায় নিয়ে যাচ্ছিলেন। তিনি জানান, বিকট একটা শব্দ শুনে জ্ঞান হারিয়ে ফেলেন। শরীরের পেছন দিকে কাচ ও ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী।
একই ওয়ার্ডের ১২ নম্বর শয্যায় আছেন মো. শহীদুল। তিনি পুরান ঢাকার বাদামতলী ফলের আড়তের শ্রমিক। ঘটনার সময় ওই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শহীদুল দেশ রূপান্তরকে বলেন, ‘বেঁচে আছি, এটাই সৌভাগ্য। তবে বাম হাত ও বাম পা আঘাতে জখম হয়েছে, সেখানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে।’
ক্যাজুয়ালিটি বিভাগের ১০২ নম্বর ওয়ার্ডে শয্যা না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন পল্লব চক্রবর্তী। তিনি জানান, তার পণ্য সরবরাহের ব্যবসা আছে। পুরান ঢাকার গোপীবাগে পরিবার নিয়ে থাকেন। পণ্য পৌঁছে দিয়ে ফেরার পথে আহত হন। তার বাম পা পুরোটাই জখম হয়েছে, নাক ও মুখ কাচের আঘাতে কেটে গেছে।
