দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো ধরনের বিতর্ক ছাড়া করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তার জন্য চলছে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা। কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন ভালো করলেও পরে খেই হারিয়েছে কমিশন। ফলে আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে।
বৈদ্যুতিন ভোটযন্ত্র বা ইলেকট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএম নিয়ে আপত্তি থাকায় এবং অর্থ-সংকটের কারণে এ-সংক্রান্ত প্রকল্পটি স্থগিত করেছে সরকার। নির্বাচন সুষ্ঠু করতে অংশীজনদের দাবি ছিল, সব কেন্দ্রে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা (সিসিক্যাম) স্থাপন করা উচিত। এটি করা গেলে নির্বাচনে কিছুটা হলেও স্বচ্ছতা আসবে। কিন্তু অর্থ-সংকটের কারণ দেখিয়ে এ প্রকল্পও বাতিল হতে পারে বলে তাদের শঙ্কা।
গত ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। রাজধানীর নির্বাচন ভবনের পঞ্চমতলায় ইসির নিয়ন্ত্রণ কক্ষে বসে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান।
সিইসি পরে সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ভোটের ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় নির্বাচনে এই ক্যামেরা ব্যবহার হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত পরে নেবে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনারের ওই বক্তব্যের পর সংসদের ৩০০ আসনেই সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা যায় কি না তা নিয়ে কাজ শুরু করে কমিশনের সংশ্লিষ্ট বিভাগ। বেশ কটি বৈঠকের পর সিদ্ধান্ত হয়, সব আসনেই সিসিক্যাম ব্যবহার করা সম্ভব। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চাওয়া হয়েছে। অর্থের ছাড় হলে আগামী মে মাসেই টেন্ডার আহ্বান করা হবে বলে ইসি-সূত্র জানায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। তবে ৩০০ আসনে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্র হতে পারে। ভোটকক্ষ হতে পারে সোয়া দুই লাখের বেশি। প্রত্যেক কক্ষে একটি করে সিসিক্যাম বসালে সোয়া দুই লাখের বেশি ক্যামেরা লাগবে। ভোটকক্ষের বাইরে দুটি করে বসাতে চাইলে সব মিলিয়ে প্রায় সোয়া তিন লাখ সিসিক্যামের প্রয়োজন হবে।
এতে বর্তমান বাজার মূল্যে কমবেশি ১০০ কোটি টাকা খরচ হতে পারে। কমিশন সব আসনে নাকি অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিক্যাম বসাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। অর্থপ্রাপ্তি, জনবল ও মনিটরিং টিমের সামর্থ্য অনুযায়ী কমিশন একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে।
প্রস্তাবে বলা হয়েছে, ৩০০ আসনেই সিসিটিভি ক্যামেরার ব্যবহার চায় ইসি। প্রতিষ্ঠানটি সিসিটিভি ক্যামেরার মূল চাবিকাঠি বা মাস্টার অ্যাডমিনের দায়িত্ব কেন্দ্রের হাতে রাখবে। আর আসনভিত্তিক যে রিটার্নিং অফিসাররা থাকবে তাদের হাতে স্থানীয় পর্যায়ের মনিটরিং পাওয়ার দেওয়া হবে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দেশ রূপান্তরকে বলেন, ‘রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে। আমরা ৩০০ আসনেই সিসিটিভি ক্যামেরা রাখার পক্ষে। তবে দায়িত্ব বিকেন্দ্রীকরণ করা হবে। মাস্টার অ্যাডমিন ইসির কেন্দ্রীয় দপ্তরে থাকলেও স্থানীয়ভাবে রিটার্নিং অফিসারদের মূল দায়িত্বে রাখা হবে। সব আসনে অথবা অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে আলোচনা হয়েছে। টাকা পেলে টেন্ডারের কাজ শুরু করব।’
এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করে দেশ রূপান্তরকে বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়। ১২৪২টি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। খরচ হয়েছিল প্রায় ৮০ লাখ টাকা। ৩০০ আসনে সিসিটিভি ক্যামেরা বাবদ প্রায় ৩০০ কোটি টাকা খরচ হতে পারে।’
পরিকল্পনা কমিশনে পাঠানো প্রস্তাবে ইসি সিসিটিভির জন্য ১৩১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা চেয়েছে। এর মধ্যে সিসিটিভি ক্যামেরা ভাড়া, কানেকশন সেট, আনুষঙ্গিক যন্ত্রপাতির জন্য (২২,৫০০০টি) ৫১ কোটি ৭৫ লাখ টাকা; ১৬ চ্যানেল ডিভিআরের জন্য ৮ কোটি ৭৫ লাখ; সিসিটিভি ক্যামেরার জন্য আইএসপি কানেকশন বাবদ ৮ কোটি ৭৫ লাখ; হার্ড ডিস্ক ড্রাইভ (৫০০ গিগাবাইট ক্ষমতার ২ হাজার ৫০০টি) বাবদ ২ কোটি ৭৫ লাখ; মনিটর ভাড়া (প্রতি আসনে ৫টি করে) ৭ কোটি ৫০ লাখ; মনিটর ভাড়া (কেন্দ্রীয় কন্ট্রোল ব্যবস্থাপনা) বাবদ ১২ কোটি ৫০ লাখ; সিসিটিভি ক্যামেরার জন্য আইএসপি কানেকশন বাবদ ১০ কোটি; কেবল কানেকশন বাবদ ১০ কোটি ৮০ লাখ; ডিকোডার মেশিন ভাড়া বাবদ ৬২ কোটি ৫০ লাখ; সার্ভার ভাড়া বাবদ ৫০ কোটি এবং সিসিটিভি স্থাপন ও সাপোর্ট সার্ভিস বাবদ ৩৭ কোটি ৫০ লাখ টাকা।
কর্মকর্তারা জানান, সবচেয়ে বেশি খরচ হবে যেখানে ইন্টারনেট নেই সেখানে এর ব্যবস্থা করার জন্য। অনেক ক্ষেত্রে উপজেলা থেকে তার টেনে লাইন চালু করতে হয়েছে। সে ক্ষেত্রে খরচ বেড়ে যায়।
সংশ্লিষ্টরা বলেছেন, এরই মধ্যে ছয়টি প্রপোজাল জমা হয়েছে। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খানসহ আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস) প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব প্রস্তাব দেখে একটি খসড়া প্রস্তাব করা হয়। এ নিয়ে কমিশনের মিটিংয়ে আলোচনা হয়েছে।
প্রকল্প-সংশ্লিষ্টরা বলছেন, মে মাসের শুরুতে টেন্ডার করা না গেলে ৩০০ আসনে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা যাবে না। প্রায় সোয়া তিন লাখ সিসিটিভি ক্যামেরা সংগ্রহ করতে হবে। এত ক্যামেরা কোনো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে জোগাড় করা সম্ভব নয়। এজন্য ২-৩ মাস সময় লাগবে। সারা দেশে নেটওয়ার্কিংয়ের কাজ শেষ করতে সময় লাগবে আরও দেড় মাস। সিসিটিভি ক্যামেরাগুলো ফিক্সড করতে লাগবে আরও ২০ থেকে ২৫ দিন। টেস্টিংয়ের কাজ করতে লাগবে আরও ২০ থেকে ২৫ দিন। নভেম্বরের শেষ সপ্তাহকে ডেডলাইন ধরে তারা কাজ শেষ করতে চান সংশ্লিষ্টরা। ডিসেম্বর ও জানুয়ারি মাসে নির্বাচনী কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিস্থিতি আমলে নিয়েই কাজ গুছিয়ে রাখতে চান তারা।
প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, বিভাগওয়ারি দায়িত্ব ভাগ করে দেওয়া হবে কর্মকর্তাদের। রিটার্নিং অফিসাররা ওই বিভাগের দায়িত্বপ্রাপ্তদের অনুসরণ করবেন। ইসির কেন্দ্রীয় দপ্তরে যে ডেটা স্টোর আছে তার সঙ্গে আরও ৭০ থেকে ৮০টি নতুন যোগ করা হবে। তিনটি বিষয়ের কাজ করতে দেওয়া হবে রিটার্নিং অফিসারদের। ভিডিও দেখা, রেকর্ড করা ও স্ক্রিনশর্ট নেওয়ার কাজ করতে পারবেন তারা। কোনো কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিলেও অটো রেকর্ড হবে এবং ডেটা কেন্দ্রীয় সার্ভারে জমা হবে। কোথাও বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ সিস্টেম চালু হবে। ইসির আগারগাঁওয়ের অফিস থেকে শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ক্যামেরা মনিটর করা হবে। প্রয়োজন অনুসারে যেকোনো কেন্দ্রের সার্ভারে ঢুকে যেকোনো সিসিটিভিতে সেখানকার পরিস্থিতিও দেখতে পারবেন মাস্টার অ্যাডমিন।
নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের ডিপিডি (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম দেশ রূপান্তরকে বলেন, ‘কারিগরি সক্ষমতা ও ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করছি। কমিশন থেকে সিদ্ধান্ত এলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা যাবে।’
অর্থ-সংকটের যুক্তিতে প্রকল্প সরকার বাতিল করে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘সরকারের সদিচ্ছা না থাকলে কোনো কিছুতেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকার কি এই প্রকল্প পাস করবে? নির্বাচন সুষ্ঠু করার ইচ্ছা থাকলে সিসিটিভির বিষয়গুলোর প্রতি তারা ইতিবাচক থাকবে।’
জানিপপ সভাপতি নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘অর্থ-সংকটে প্রকল্পটি বাতিল হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। জনগুরুত্ব বিবেচনায় জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া উচিত। কিছু টাকা খরচ হলেও প্রকল্পটি রাখা উচিত।’
