মোদিকে চা খেতে দিল রোবট, সঙ্গে স্যান্ডউইচও

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোবটের দুনিয়া থেকে ঘুরে এলেন। রোবটের হাতে চা-ও খেলেন। গুজরাতের রোবট গ্যালারিতে গিয়ে ফুরফুরে মেজাজে কাটালেন দিন। সেই ছবি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

গুজরাত কাউন্সিল অব সায়েন্স সিটির রোবটিক্স গ্যালারিতে গিয়েছিলেন মোদি। সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলও। রোবটদের সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মোদি। একটি ছবিতে দেখা গেছে, রোবট প্রধানমন্ত্রীকে চা খেতে দিচ্ছে। সঙ্গে রয়েছে অন্য খাবারও।

ছবিগুলোর ক্যাপশনে মোদি লেখেন, ‘গুজরাত সায়েন্স সিটিতে অসাধারণ রোবটিক্স গ্যালারি। রোবট আমাদের চা-ও পরিবেশন করেছে, সেই ছবিটি দেখতে ভুলবেন না।’

ছবিতে দেখা গেছে, একটি রোবটের হাতে ধরা রয়েছে থালা। তার এক দিকে রয়েছে চায়ের কাপ। অন্য দিকে রয়েছে দুটি স্যান্ডউইচ। পানির বোতলও প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে দিয়েছে রোবট। তার সামনেই বসেছিলেন মোদী এবং ভূপেন্দ্র।

এদিন রোবট গ্যালারির বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন মোদি। কোথাও আবার তাকে মোবাইলের ক্যামেরায় ছবি তুলে নিতে দেখা গেছে। গ্যালারিতে সাজানো রোবট এবং সেই সম্পর্কিত যাবতীয় যন্ত্রপাতি তিনি পরিদর্শন করেছেন।

গুজরাতের সায়েন্স সিটিতে এই রোবটিক গ্যালারি নতুন সংযোজন। প্রায় ১১ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত। ভাইব্র্যান্ট গুজরাত সামিটের দুই দশক উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গুজরাতে গিয়েছেন মোদি। তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই সামিটের সূচনা করেছিলেন।

আরও পড়ুন: ধর্ষণে রক্তাক্ত কিশোরী, বাড়ি বাড়ি ঘুরেও পায়নি সাহায্য

×
সর্বশেষ সর্বাধিক পঠিত