'বিরোধী দলের ভূমিকা নেই, সরকারকেই এগিয়ে আসতে হবে'

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৪:১৬ পিএম

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের রাজনীতিতে সহনশীলতা জরুরি হয়ে পড়েছে। সহনশীল রাজনীতি নিশ্চিত করতে সরকারি দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বর্তমান বাস্তবতায় বিরোধীদলের ভূমিকা নেই বললেই চলে।

তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতার জায়গায়। প্রতিযোগিতার কারণে আমরা প্রতিপক্ষ হতে পারি কিন্তু শত্রু হতে পারি না। নিজেরাই যেন নিজেদের সমস্যা মীমাংসা করতে পারি। রাজনীতির বাইরে আমরা যেন সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। ক্ষমতা গ্রহণ বা রদবদল যেন শান্তিপূর্ণ পরিবেশে হয় সেজন্য সবার সহযোগিতা দরকার, বিশেষ করে সরকারকে এগিয়ে আসতে হবে।

শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে জাপা চেয়ারম্যান মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব, শান্তি, সমৃদ্ধি ও সংহতি কামনা করেছেন।দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মিলনায়তনে পার্টির নেতা-কর্মী ও বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে গণমাধ্যম কর্মীদের সাথে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জি এম কাদের বলেন, রাজনীতিতে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন বাস্তবতায় যেন দেশবাসী রক্ষা পায়। সহনশীল রাজনীতি নিশ্চিত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। ঈদের দিনে শপথ নিতে হবে, সামনের দিনগুলোতে আমরা রাজনীতি করবো নিজ নিজ অবস্থান থেকে। সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষ অর্থনৈতিক সংকটে আছে। তারা ঈদকে উৎসব হিসেবে নিতে পারছে না। নিত্যপণ্যের দাম অনেক বেশি, মানুষের আয় কমে গেছে। দেশের মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। সেখানে ঈদ উৎসব পালন করা কষ্টকর। অর্থনৈতিকভাবে স্বচ্ছল-সামর্থ্যবান মানুষেরা যেন হতদরিদ্রদের পাশে দাঁড়ান। প্রতিবেশি ও আত্মীয়-স্বজনদের প্রতি যেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবাই মিলে যেন ঈদকে আমরা উৎসবমুখর করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, সুনীল শুভরায়, আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, ড. নুরুল আজহার শামীম, মাহমুদুর রহমান লিপ্টন, নাজনিন সুলতানা, অ্যাডভোকেট জহিরুল হক জহির, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, মো. খলিলুর রহমান খলিল, মো. মাশরেকুল আজম (রবি), ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ, জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মানসুর, আনোয়ার হোসেন তোতা, আনিসুর রহমান খোকন, কাজী আবুল খায়ের, সম্পাদক মণ্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী শাহীন, গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সরকার, সুজন দে, আক্তার হোসেন দেওয়ান, এমএ সুবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, শাহজাহান কবির, শহীদ হোসেন সেন্টু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত