চাইলেই তো পদত্যাগ করা যায় না: দুর্জয়

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১০:৫৬ পিএম

যে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা, তার প্রথমটিতেই এসেছে কোয়াব প্রসঙ্গ। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগ চেয়েছেন ক্রিকেটাররা। তাদের দাবি, সেভাবে কোয়াব কর্মকর্তাদের কখনো পাশে পান না তারা।

ক্রিকেটারদের এই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে কোয়াবের শীর্ষকর্তারা। এদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই অনুষ্ঠিত হয় কোয়াবের সংবাদ সম্মেলনটি। যেখানে উপস্থিত ছিলেন কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, সহসভাপতি খালেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

দুর্জয় তার বক্তব্যের একপর্যায়ে বলেন, চাইলেই তো পদত্যাগ করা যায় না। দুর্জয় বলেন, ‘খেলোয়াড়দের জন্য কিছু করা হয় না এটা শুনে আমি সত্যিই শকড। যে কোনো কিছুরই ভালো করার শেষ নেই। হয়তো আরো ভালো করা উচিত ছিল। আরো ভালো করতে পারতাম। যে জন্য হয়তো তারা তৃপ্ত হয়নি। আর এ জন্য আমাদের পদত্যাগ চেয়েছেন। কিন্তু পদত্যাগ চাইলেই তো আর করা যাবে না। সেটা একটা প্রক্রিয়া আছে।’

নাইমুর রহমান দুর্জয় বিবিসির পরিচালকও। তিনি যোগ করে বলেন, ‘এটা (কোয়াব) একটা সংগঠন। সংগঠনের গঠনতন্ত্র আছে।  এর আগে খেলোয়াড়রাই এই সংগঠন করেছে। এখনো একই ভাবে চলবে। সংগঠনের নিয়মতান্ত্রিকভাবে আমরা অবশ্যই সরে যাব। খেলোয়াড়রা যদি নতুন নেতৃত্ব চায় তাহলে তারা আসবে। আমাদের যদি আবার চায় আমরা... । কারণ এই কজনই তো খেলোয়াড় না, আরো খেলোয়াড় আছে। সাবেক খেলোয়াড়রা আছে। সবাইকে নিয়েই সংগঠন। কাজেই সংগঠন যাকে চাইবে তারাই নেতৃত্বে আসবে। এ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা এটা আঁকড়ে ধরে থাকতেও চাই না।’

বিসিবির আরেক পরিচালক ও কোয়াবের সহসভাপতি খালেদ মাহমুদ সুজনও কোয়াব সব সময় ক্রিকেটারদের পাশে ছিল দাবি করে বক্তব্য দেন। দেবব্রত পালও তার বক্তব্যে তুলে ধরেছেন একই কথা।

এদিকে ক্রিকেটারদের ধর্মঘটকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন- ফিকা। কোয়াবের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সংগঠনটি। এমনকি কোয়াবের সদস্যপদ নিয়েও সংগঠনটি ভাববে বলে উল্লেখ রয়েছে বিবৃতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত