বিসিবিতে যাচ্ছেন সাকিবরা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০৮:১৪ পিএম

নিজেদের দাবি আদায়ে অনড় ক্রিকেটাররা। আগের ১১ দফা দাবির সঙ্গে বুধবার যোগ করেছেন আরো দুটি দাবি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নিজেরা আলোচনা করবেন বলেও জানিয়েছেন সাকিব আল হাসান। সবশেষ খবর হলো, গুলশান থেকে মিরপুরে বিসিবি কার্যালয়ের দিকে রওনা হয়েছেন ক্রিকেটাররা।

বুধবার বিকেল ৫টায় আন্দোলনরত ক্রিকেটারদের আলোচনার আহ্বান জানিয়েছিল বিসিবি। কিন্তু ক্রিকেটাররা সেই আহ্বানে সাড়া দেয়নি। বরং গুলশানের একটি হোটেলে নিজেদের মধ্যে বৈঠকে বসেছিলেন আন্দোলনরত ক্রিকেটাররা।

এরপর আইনজীবীর মাধ্যমে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মোট ১৩টি দাবি তুলে ধরেন ক্রিকেটাররা। দাবিগুলো চিঠির মাধ্যমে বিসিবিতেও পাঠানো হয়েছে বলে জানান ক্রিকেটারদের মুখপাত্র সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সবগুলো দাবি তিনিই তুলে ধরেছেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন তিনি। শেষ দিকে ক্রিকেটারদের মধ্য থেকে কথা বলেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘এখন যেটা হয়েছে, যেহেতু বিসিবি আমাদের ডেকেছে, আমরা অবশ্যই বিসিবিতে যাব। সেটা আমরা অবশ্যই এখন আলোচনা করব। তারপর যত দ্রুত সম্ভব হয় বিসিবিতে যাব। আমরাই যোগাযোগ করব বিসিবির সঙ্গে। আমরা গিয়ে যোগাযোগ করে সব সমস্যার সমাধান হবে বলে আশা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত