টি-১০ লিগে মোসাদ্দেক-তাসকিনদের সঙ্গে নাসির

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০৪:২৫ এএম

সংযুক্ত আরব আমিরাতের টি-১০ লিগে দল পেয়েছেন বাংলাদেশের মোট ৬ ক্রিকেটার।

মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মেহেদি হাসান, মুক্তার আলির সঙ্গে রয়েছেন নাসির হোসেনও। যিনি দীর্ঘদিন ঘরোয়া শীর্ষ প্রতিযোগিতায় নেই।

আবুধাবিতে ২৮ জানুয়ারি থেকে শুরু হবে টি-১০ লিগের চতুর্থ আসর। এর আগে বুধবার অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে দল সাজিয়ে নিয়েছে অংশ নিতে যাওয়া ৮ ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশি অলরাউন্ডার মোসাদ্দেক, মুক্তার আলি ও পেসার তাসকিনকে দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস। আফিফ হোসেন ও মেহেদি হাসানকে নিয়েছে বাংলা টাইগার্স। পুনে ডেভিলস দলে টেনেছে নাসির হোসেনকে।

নাসির করোনা পরবর্তী সময়ে দুটি ঘরোয়া টুর্নামেন্টের কোনোটিতেই ছিলেন না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে তো ফিটনেস টেস্টেই পাশ করতে পারেননি জাতীয় দলের সাবেক এই তারকা। এরপরও আর ওপর আস্থা রেখেছে পুনে ডেভিলস।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে আরো ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, আমিনুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত