আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে শেষ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের মাহমুদুল হাসান জয়।
মিরপুরে জয়ের সেঞ্চুরির পরও বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ খুব বেশি বড় হয়নি। ৪৮.৪ ওভারে ২৬০ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা।
জয় ১৩৫ বল খেলে ৯টি চার ও ৩ ছয়ে ১২৩ করেন। মিরপুরে আগের ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত (৩-০) করেছে সাইফ হাসানের দল।
আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার, গ্যারেথ ডিলনে, রুহান প্রিটোরিয়াস আর হ্যারি টেক্টর। বাকি একটি উইকেট পিটার চেজের।
ওপেনার সাইফ হাসান আউট হওয়ার পর তৃতীয় ওভারে উইকেটে যান মাহমুদুল। দলকে প্রায় শেষ পর্যন্ত টেনে নিয়ে রান আউট হন তিনি ৪৯তম ওভারে।
৫ চারে ফিফটি স্পর্শ করেন ৭১ বলে। শতরানে পৌঁছাতে আরও ২টি চারের সঙ্গে যোগ হয় ২টি ছক্কাও। ১২৪ বলে পা রাখেন তিন অঙ্কে।
লেগ স্পিনার গ্যারেথ ডেলানির বলে একটু বেরিয়ে প্রথম ছক্কা মারেন লং অন দিয়ে। পরে ফ্রি হিটে চেইসের বল লং অফ দিয়ে ওড়ান ছক্কায়। দল নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ দিকে রান বাড়ানোর কাজও করতে হয় তাকেই। সেঞ্চুরির পর ১১ বলে করেন ২৩ রান।
তার সৌজন্যেই মূলত আড়াইশ ছাড়ানো সংগ্রহ গড়তে পারে বাংলাদেশ ইমার্জিং দল।
মাহমুদুল সিরিজ শুরু করেছিলেন শূন্য রান করে। দ্বিতীয় ম্যাচে করেন ৬৬। তৃতীয় ম্যাচে ১৬ রানে আউট হওয়ার পর শেষ দুই ম্যাচে আবার দারুণভাবে জ্বলে উঠল তার ব্যাট। ঠিক আগের ম্যাচে ৮০ রানে অপরাজিত ছিলেন তিনি।
