টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওমানে প্রস্তুতি ক্যাম্প সম্পন্ন করেছে বাংলাদেশ। অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলেছে আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচ। শুক্রবার আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে রান উৎসব করেছেন ব্যাটাররা। যা মূল পর্বেও ধরে রাখার আশা বাংলাদেশ দলের।
ওমান ‘এ’ দলের বিপক্ষে ৬০ রানের বড় জয় পায় বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান তুলে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফটি করেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। শামীম হোসেনও ছোট্ট ঝোড়ো ইনিংস খেলেন।
বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। তবে স্পিনিং ট্র্যাক উইকেটে ব্যাটাররা তেমন কিছুই করতে পারেনি। ওমান ‘এ’ দলের বিপক্ষে রান উৎসব আত্মবিশ্বাস সঞ্চার করতে পেরেছে ব্যাটারদের মধ্যে।
ম্যাচ শেষে ভিডিও বার্তায় শামীম বলেন, ‘প্রথমে আমাদের শুরুটা অনেক ভালো ছিল। নাঈম আর লিটন ভাই দারুণ খেলেছেন। শেষ দিকে সোহান ভাইয়ের সঙ্গে খেলেছি, অনেক ভালো লেগেছে।’
‘আমরা একটা নতুন কন্ডিশনে এসেছি। যত ম্যাচ খেলতে পারব ততই আমাদের জন্য ভালো। আর রাতের ম্যাচ হওয়াতেও ভালো হয়েছে। ব্যাটসম্যানরা সবাই ভালো করেছে।’
বিশ্বকাপের ভেন্যুতেই হয়েছে ম্যাচটি। শামীম মনে করেন এমন উইকেটে বিশ্বকাপেও ভালো করা সম্ভব, ‘উইকেট অনেক ভালো ছিল। আমাদের ব্যাটসম্যানরা অনেক স্বচ্ছন্দে ব্যাট করেছে। আমি আশা করি ব্যাটসম্যানরা অনেক ভালো করবে এই পিচে।’
নিজের কথা বলতে গিয়ে শামীম বললেন, ‘আমি সুযোগ পাব কমই। বেশির ভাগ সময়ে হয়তো ১৫ ওভারের পর নামতে হবে। আমার ভূমিকাটা থাকে ফিনিশ করার। সেই কাজটাই করতে চাই।’
বাংলাদেশ দল এখন ওমান থেকে যাবে সংযুক্ত আরব আমিরাত। সেখানে মঙ্গলবার শ্রীলঙ্কা এবং বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ টাইগারদের।
১৫ অক্টোবর ফের ওমান ফিরবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
