র‌্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার হাতছানি টাইগারদের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২২ পিএম

চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা।

বর্তমানে ৯১ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ে সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান মাত্র ২।

আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং হবে ৯৪। তখন পাকিস্তানকে সরিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা।

আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাঙ্কিংয়ে দশমস্থানেই থাকবে। তবে ৩ রেটিং হারাবে তারা। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানরা।

সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলে ৮৮ রেটিং নিয়ে সপ্তমস্থানে থাকবে বাংলাদেশ।

অন্যদিকে প্রতিপক্ষের কাছে হোয়াইটওয়াশ হলে ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন রেটিং দাঁড়াবে ৮৫। তবে সপ্তমস্থানেই থাকবে তারা। অন্যদিকে ৯ রেটিং বাড়বে আফগানদের। অবশ্য দশমস্থানেই থাকতে হবে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত