বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে খেললেও প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা তাদের জানা বলেই ঘোষণা দিলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।
মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগানিস্তান অধিনায়ক শহিদি বলেন, ‘আমি আসলে আমাদের শক্তি, আমাদের খেলোয়াড়দের নিয়ে চিন্তা করছি। প্রতিটি বিভাগ বিবেচনা করে আমাদের একটি ভালো দল আছে। আমি তাদের সম্পর্কে আত্মবিশ্বাসী। আশা করছি, আমরা আমাদের সেরাটা দেব।’
বাংলাদেশ ওয়ানডেতে যেমন দারুণ দল, তেমনই বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছে। তবে বিশেষ কাউকে আলাদা গুরুত্ব দিতে চান না আফগান অধিনায়ক।
শহিদি বলেন, ‘সত্যি বলতে আমরা পুরো দল নিয়েই ভাবি। আমরা তাদের সম্পর্কে কী পরিকল্পনা করেছি, তা আমাদের পরিকল্পনার ভেতরেই আছে। আমরা প্রত্যেকের জন্য পরিকল্পনা করেছি, আমরা তাদের শক্তি এবং দুর্বলতা জানি।’
