টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাঠে মানতে যাচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। যে দলই জিতুক, দ্বিতীয়বার এই টুর্নামেন্টে শিরোপার দেখা পাবে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই দুই দলের দেখা হওয়াটা আসলে দুটো ভিন্ন ক্রিকেট দর্শনেরও মুখোমুখি অবস্থান। ইংল্যান্ড, ক্রিকেটের জনক এবং খেলাটাকে ঘিরে তাদের যত চিন্তা, গবেষণা এবং তত্ত্বের প্রয়োগ সবই খেলাটাকে করেছে সমৃদ্ধ।
অন্যদিকে পাকিস্তান, প্রকৃতির খেয়ালে এখানে অনাদরে অযত্নে বেড়ে ওঠে অদ্ভুত সব প্রতিভা। নানান ধরনের বৈপরীত্য আর গোলমালের ভেতরেও কেমন করে যেন ঠিকই সাফল্যের সন্ধান পেয়ে যায় তারা। ঠিক খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ছিনিয়ে নেয় শিরোপা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটা যেন পেশাদারি আর প্রতিভার মুখোমুখি অবস্থান।
প্রায় এক বছর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরেই সেমিফাইনালে খেলেছিল পাকিস্তান ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে হেরে ফাইনালে খেলা হয়নি গ্রুপ পর্বে দারুণ খেলা ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডের ক্যাচটা হাসান আলী ছেড়ে দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযানটাই শেষ করে দিলেন সেমিফাইনালে।
ভাগ্য তাদেরই আবার মুখোমুখি করে দিল মেলবোর্নে। হয়তো ১৯৯২’র স্মৃতি ফিরিয়ে আনতেই। রাজনৈতিক সমাবেশে পায়ে গুলিবিদ্ধ হওয়া ইমরান খান কি বাড়িতে টিভি সেটের সামনে বসে দেখবেন, ৩০ বছর পর এমসিজিতে বিশ্বকাপটা উঁচিয়ে ধরেছেন বাবর আজম? গ্রাহাম গুচের কি আক্ষেপ মিটবে জস বাটলারের হাতে কাপটা দেখতে পেলে?
