ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন চ্যাম্পিয়ন আলকারাজ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

টানা দুইবারের চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্বের দুই নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ কব্জির চোটের কারণে এবারের ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজেই এই দুঃসংবাদটি ভক্তদের জানান।

গত সপ্তাহে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে ফিনল্যান্ডের অটো ভার্চানেনের বিপক্ষে জয়ের সময় কব্জিতে চোট পান আলকারাজ। এরপর তিনি সেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে গত ১৭ এপ্রিল মাদ্রিদ মাস্টার্স থেকেও নাম প্রত্যাহার করে নিলে তাঁর ফ্রেঞ্চ ওপেনে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। 

আলকারাজ তাঁর পোস্টে লিখেছেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে। তাই রোম মাস্টার্স এবং রোলঁ গারো (ফ্রেঞ্চ ওপেন) দুটিতেই আমি অংশগ্রহণ করছি না।' তিনি আরও যোগ করেন, "এটি আমার জন্য একটি জটিল সময়, তবে আমি নিশ্চিত যে আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।"

২০২৪ এবং ২০২৫ সালে টানা দুইবার ফ্রেঞ্চ ওপেন জিতে মাটির কোর্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন আলকারাজ। বিশেষ করে গত বছরের ফাইনালে ইয়ানিক সিনারের বিপক্ষে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে জেতা শিরোপাটি ছিল টেনিস ইতিহাসের অন্যতম সেরা লড়াই। 

সাতটি গ্র্যান্ড স্ল্যামের মালিক আলকারাজ এ বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে টেনিস ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ড গড়েছিলেন। বর্তমান মৌসুমে তাঁর রেকর্ড ২২-৩ এবং এ বছর দোহাতেও শিরোপা জিতেছেন তিনি। 
গত ১২ এপ্রিল মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে সিনারের কাছে হেরে যাওয়ার পর বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি হারিয়েছিলেন আলকারাজ। এখন চোটের কারণে পরপর বড় টুর্নামেন্টগুলো মিস করায় র‍্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছেন এই তরুণ তুর্কি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত