ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময়

খুলনার উন্নয়ন পরিকল্পনা তৈরির নির্দেশ

আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:০৩ এএম

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে আসেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিসহ সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 

প্রেস উইংয়ের এক সদস্য দেশ রূপান্তরকে জানান, প্রধানমন্ত্রী অফিসে এসে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ একাধিক মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সাক্ষাৎ শেষে দেশ রূপান্তরকে মঞ্জু বলেন, ‘খুলনা সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকা- নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে পরিকল্পনা নিয়ে আসতে বলেছেন। আমি পরিকল্পনা তৈরি করে আবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। পাশাপাশি আমি প্রধানমন্ত্রীকে খুলনা সফরের আমন্ত্রণ জানিয়েছি। সুবিধাজনক সময়ে খুলনা সফর করবেন বলে প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন। এ ছাড়া সঠিক সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করায় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন।’ 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সোয়া ৯টায় সচিবালয়ের অফিসে এসেছেন। সকাল থেকে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি রয়েছে। সেগুলোতে তিনি অংশ নিচ্ছেন।’ ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে সরকারি ছুটি শুরু হয়।

ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর : মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও সিটির পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে এ পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পর প্রধানমন্ত্রী বলেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত