‘আগামী সপ্তাহের মধ্যে’ চুক্তি : ট্রাম্প

আপডেট : ০৩ জুন ২০২৬, ০১:৫০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের মধ্যেই তেহরানের সঙ্গে একটি চুক্তি করতে পারবেন বলে আশাবাদী তিনি। সোমবার সংবাদমাধ্যম এবিসি নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আগামী সপ্তাহের মধ্যে একটি চুক্তি করতে পারবেন। আর আগে কিছু বিষয় নিয়ে ইরানের সঙ্গে তাকে সমঝোতা করতে হবে। ওইদিনই জানান, ইরানের সঙ্গে আলোচনা দ্রুতগতিতে চলছে।

ইরান যুদ্ধ বন্ধে একদিকে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলাপ চলছে, তখন লেবাননে চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলার কারণে প্রথমে ইরান আলোচনা থেকে সরে দাঁড়ানোর কথা বললেও আবার ফিরে আসার ইঙ্গিত দিয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মধ্যে যুদ্ধ শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। ইরানের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালালে মার্চ মাসের শুরুতে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর ৮ এপ্রিল ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শুরু হলেও লেবাননে হামলা বন্ধ করেনি ইসরায়েল। গতকাল মঙ্গলবারও দেশটিতে নৃশংস হামলা চালিয়েছে তারা।

এদিকে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। এরপর হিজবুল্লাহ ও ইসরায়েল আংশিক যুদ্ধবিরতি বা হামলা কমিয়ে আনতে রাজি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। গতকাল লেবাননের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমে এ খবরও বেরিয়েছে যে ওই ফোনালাপে নেতানিয়াহুকে কড়া কথা শুনিয়েছেন ট্রাম্প। এমনকি ‘পাগলও’ বলেছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, নেতানিয়াহুকে টেলিফোনে কড়া কথা শোনান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে ‘পাগল’ বলে সম্বোধন করেছেন। নেতানিয়াহু যে এখন সবার কাছে অপ্রিয় হয়ে উঠেছেন, সে কথাও শোনাতে ছাড়েননি ট্রাম্প। ফোনে নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। দুই নেতার ফোনালাপের বিষয়ে জানেন এমন দুজন মার্কিন কর্মকর্তা এবং একটি সূত্র অ্যাক্সিওসকে জানায়, কথা বলার সময় নেতানিয়াহুকে সরাসরি ‘পাগল’ বলেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘অকৃতজ্ঞ’ও বলেন তিনি।

ওই মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, কথোপকথনে বেশ নরম সুরে নেতানিয়াহুকে কড়া কথা শুনিয়ে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, ‘এখন সবাই আপনাকে ঘৃণা করে। এ কারণে (যুদ্ধ) সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।’

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, কথোপকথনের এক পর্যায়ে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুর ওপর রীতিমতো চিৎকার করে ওঠেন। একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন। কিন্তু এবারের কথোপকথন ছিল বেশ ‘উত্তপ্ত ও তিক্ত’।

ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রাখলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত