মেটার এআই পেনডেন্ট

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:৪৫ এএম

নতুন এক ওয়্যারেবল ডিভাইস নিয়ে কাজ শুরু করেছে মেটা। তাহলো এআই-চালিত পেনডেন্ট। প্রযুক্তি মহলের ধারণা, ব্যবহারকারীর ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে কাজে সহায়তা করবে।

মেটা তাদের নতুন ‘ওয়্যারেবলস ফর ওয়ার্ক’ উদ্যোগের আওতায় ডিভাইসটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। মূলত অফিস ও করপোরেট পরিবেশে কর্মরতদের কথা মাথায় রেখেই পণ্যটি তৈরি করা হচ্ছে।

এআই পেনডেন্ট ব্যবহারকারীর আশপাশের কথোপকথন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ করতে পারবে। পাশাপাশি সংক্ষিপ্তসার তৈরি করে প্রয়োজনীয় তথ্য পরবর্তী সময় সহজে খুঁজে পাওয়ার সুযোগ দেবে। ফলে মিটিং, আলোচনা বা দৈনন্দিন কর্মপরিবেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখা সহজ হতে পারে।

এ বছরের শেষে ডিভাইসটি সীমিত পরিসরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে। এর মাধ্যমে মেটা বাস্তব পরিবেশে প্রযুক্তিটির কার্যকারিতা যাচাই করবে।

প্রকল্পের পেছনে মেটার আগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও রয়েছে। গত বছর প্রতিষ্ঠানটি মেটা ওয়্যারেবল স্টার্টআপ লিমিটলেস অধিগ্রহণ করে। ওই কোম্পানি এমন পেনডেন্ট ডিভাইস তৈরি করত, যা বাস্তব জীবনের কথোপকথন রেকর্ড, ট্রান্সক্রাইব এবং সংরক্ষণ করতে সক্ষম। নতুন এআই পেনডেন্টে সেই প্রযুক্তির আরও উন্নত সংস্করণ ব্যবহার করা হতে পারে। প্রথম ধাপে নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হবে। জানা গেছে, প্রতিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে প্রায় ১০০টি করে ডিভাইস সরবরাহ করা হতে পারে।

দীর্ঘমেয়াদে মেটা এই খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধের মধ্যে প্রায় ১ কোটি এআই ওয়্যারেবল ডিভাইস বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। পাশাপাশি আরও নতুন দেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত